মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই দফায় সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় স্থানীয় কোনাগাঁও বাজারের অনেক দোকানে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৩৭টি রাবার বুলেট নিক্ষেপ করে। নতুন করে সংঘর্ষ এড়াতে কোনাগাঁও বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও এলাকার লোকজন সূত্রে জানা গেছে, মাস দেড়েক আগে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খাসপ্রেমনগরের মাঠে খাসপ্রেমনগর ও মনসুরনগর ইউনিয়নের কোনাগাঁও গ্রামবাসীর মধ্যে প্রীতি ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই থেকে মনু নদের দুই পারে অবস্থিত কোনাগাঁও ও খাসপ্রেমনগর গ্রামবাসীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। ৭ জুলাই খাসপ্রেমনগর গ্রামের ধান ব্যবসায়ী চুনু মিয়া মৌলভীবাজার শহরে গেলে মনু নদের চাঁদনীঘাট সেতুর ওপর সন্ত্রাসী হামলার শিকার হন। সিলেটে চিকিৎসা নিয়ে চুনু মিয়া সুস্থ হয়ে গত সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথে কোনাগাঁও বাজারে এলে তাঁর ওপর হামলা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এ পর্যায়ে খাসপ্রেমনগর গ্রামের লোকজন বাজারে উপস্থিত হলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। পরে রাজনগর থানা-পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। গতকাল বেলা ১১টার দিকে খাসপ্রেমনগর গ্রামবাসীর কাছে খবর পৌঁছে কোনাগাঁও বাজারে তাদের (খাসপ্রেমনগরের) দোকানে লুট করা হচ্ছে। এতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে ওই বাজারে পৌঁছান। কোনাগাঁওয়ের লোকজনও খাসপ্রেমনগরের লোকজনকে প্রতিহত করতে এগিয়ে গেলে পুলিশ রাবার বুলেট ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। ঘটনার সময় অনেক দোকান ভাঙচুর, মালামাল ও মুরগির খামার লুট হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।