রাজনগরে দুই পক্ষে সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের
মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক শিক্ষক নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল হাই (৫০)। তিনি আমিরপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারসহ কয়েকটি কারণে গ্রামের ওয়াছির মিয়া ও রইস সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গত বুধবার সালিস হওয়ার কথা থাকলেও উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সন্ধ্যায় সংঘর্ষ হয়। রাতে রাজনগর থানার পুলিশ ও জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। গতকাল সকালে ফের উভয় পক্ষে সংঘর্ষ বাধে এবং পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে শিক্ষক আবদুল হাই বাড়ির পাশের পুকুরপাড়ে দাঁড়িয়ে এ ঘটনা দেখছিলেন। এমন সময় তাঁর মাথায় ও নাকে ইটের টুকরো এসে পড়ে। আহত অবস্থায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে শিপন মিয়া, ইয়াছিন মিয়া, রুকুন উদ্দীন ও অলিদ মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের ৩০টির মতো ঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেন, শিপন মিয়া, বাহারাম মিয়া ও জিনু মিয়াকে গ্রেপ্তার করে। রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) প্রসূন কান্তি দাস বলেন, শিক্ষক আবদুল হাই কোনো পক্ষের ছিলেন না। তিনি ইটের আঘাতে মারা গেছেন।শিক্ষক নিহত হওয়ার ঘটনায় রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি গতকাল একটি শোক মিছিল করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়।