রাজনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় গত মঙ্গলবার বিকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার আশ্রাকাপন গ্রামের মো. শাহনুর আহমদ ও রুবেল আহমদ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহনুর ও রুবেল মঙ্গলবার বিকেলের দিকে মোটরসাইকেলে করে গোবিন্দবাটি এলাকায় একটি সংযোগ সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় মৌলভীবাজারগামী একটি পিকআপ ভ্যান তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘পিকআপ ভ্যানটি ফাঁকা রাস্তায় মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। আমরা ভ্যানটি শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় মামলা হয়েছে।’