রাজনগরে বিক্ষোভ সমাবেশ সংগ্রাম কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে কাওয়াদীঘি হাওরাঞ্চলের কৃত্রিম জলাবদ্ধতা নিরসনের দাবিতে রাজনগরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে স্থানীয়ভাবে হাওর কাওয়াদীঘির জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। রাজনগর উপজেলার কাওয়াদীঘি হাওর পাড়ের ফতেহপুর ইউনিয়নের মোকাম বাজারের ফতেহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গত বৃহস্পতিবার বিকেলে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ রাজনগর উপজেলা শাখা। স্থানীয় মুরব্বি চেরাগ মিয়া চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মঈনুর রহমান, সদস্য-সচিব মামুনুর রশীদ সোহেল, এলাকাবাসী মো. বখতিয়ার উদ্দিন, মো. দবির আলী, মো. সাজিদ আলী, ফরিদ আহমদ, মো. ফখরুল ইসলাম, কামরুজ্জামান কমরু, বাসদ রাজনগর উপজেলা শাখার সদস্য-সচিব মুজাহিদ আহমদ, রাশেদ আহমদ, হাসান অনির্বাণ প্রমুখ। এ ছাড়া একই দাবিতে গতকাল শুক্রবার রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নেও আরেকটি সভা হয়েছে।সমাবেশে বক্তারা বলেন, রাজনগর উপজেলার ফতেহপুর, মুন্সীবাজার, পাঁচগাঁও, মনসুরনগর, উত্তরভাগ এবং একইভাবে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা, আখাইলকুরা ইউনিয়নের কাওয়াদীঘি হাওর এলাকার রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। সমাবেশে আসা ফতেহপুর ইউনিয়নের বেতাহুনজা গ্রামের কৃষক মাসুক মিয়া (৪৫) বলেন, ‘এবারের জলাবদ্ধতায় আমার ১০ কিয়ার (বিঘা) শাইল (রোপা আমন) ধান পানির নিচে তলিয়ে গেছে।’ মোকাম বাজারের ইলিয়াছ মিয়া (৬০) বলেন, ‘সংসার, ছেলেমেয়ের লেখাপড়া সবকিছুই চলে এই জমির ফসল থেকে। কিন্তু পরপর দুবার আমন ফসল ওঠাতে পারিনি। কীভাবে যে চলব জানি না।’ গোবিন্দপুর গ্রামের কৃষক মনির মিয়া (৬০) বলেন, ‘এগারো কিয়ার জমির ধান নষ্ট হয়েছে। সময়মতো কাশিমপুরের পাম্প চালু রাখা হলে আমাদের এ রকম ক্ষতি হতো না।’বিক্ষোভ সমাবেশ শেষে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এলাকাবাসীর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় মুরব্বি মো. চেরাগ মিয়া চৌধুরীকে আহ্বায়ক, মো. কাহির খান, মো. আরব আলী ও মো. বখতিয়ার উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. দবির আলীকে সদস্য-সচিব করে ২০ সদস্যবিশিষ্ট হাওর কাওয়াদীঘি জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি ১ নম্বর ফতেহপুর ইউনিয়ন শাখা গঠন করা হয়েছে।এ ছাড়া একই দাবিতে গতকাল শুক্রবার রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ নেতা মামুনুর রশীদ সোহেল, এলাকার মুরব্বি মো. এলাইছ মিয়া, মো. মালিক মিয়া, ময়না মিয়া, জবান মিয়া, উকিল মিয়া, হাছান মিয়া প্রমুখ। সভায় আগামীকাল রোববার একই স্থানে হাওর কাওয়াদীঘি জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে।