রাজনগরে মনু নদের বাঁধে ধস বাড়িঘর ঝুঁকিতে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শ্বাসমহল গ্রাম এলাকায় মনু নদের বাঁধের ৭০০ থেকে ৮০০ ফুট এলাকায় ধস তীব্র আকার ধারণ করেছে। এতে একটি প্রাচীন মসজিদসহ আশপাশের বাড়িঘর ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। মনসুরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিলন বখত প্রথম আলোকে বলেন, ‘বাঁধের প্রায় ৮০০ ফুট এলাকায় ভাঙন ধরেছে। ইতিমধ্যে ৬০-৭০ ফুট পুরো ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। অল্প খরচ হলে ইউনিয়ন পরিষদের তহবিল থেকেই কাজ করে নিতাম। কিন্তু এত টাকা আমাদের নেই। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বারবার জানালেও কোনো কাজ হয়নি।’ তিনি জানান, ভাঙনকবলিত এলাকা দিয়ে জনপদে পানি প্রবেশ করলে উপজেলার মনসুরনগর, পাঁচগাঁও, টেংরা ইউনিয়নসহ কাওয়াদিঘি হাওর এলাকার আরও তিনটি ইউনিয়ন বন্যাকবলিত হবে।গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভাঙন এলাকার বাঁধসংলগ্ন নদীর পাড়ে প্রায় ৫০ বছরের পুরোনো একটি পাকা মসজিদ রয়েছে। যেকোনো মুহূর্তে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। পাশে বাঁধের একটি অংশ ধসে নদীতে বিলীন হয়ে গেছে।পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী (২) সৈয়দ বজলুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে বাঁধের পাশের জমির মালিকেরা মাটি দিতে চাননি। এখন রাজি হয়েছেন। এখন কাজ করার চেষ্টা করব।