রাজনগরে শিক্ষা কর্মকর্তার নিয়োগ বন্ধের দাবি
মৌলভীবাজারের রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তার পদে আনোয়ারুল ইসলামকে নিয়োগ না দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা পরিষদের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে।
সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকার সময় আনোয়ারুল ইসলাম সিলেটের মানুষ এবং ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে শিক্ষক সমিতি অভিযোগ করেছে। এ নিয়ে বালাগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষকেরা তাঁকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করলে সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক আদেশে তাঁকে রাজনগরে বদলি করেছে। বিষয়টি জানাজানি হলে রাজনগর উপজেলার শিক্ষকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শিক্ষকেরা এই কর্মকর্তাকে যোগদান থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন। অন্যথায় তাঁরা কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
মানববন্ধনে বক্তৃতা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুল হাকিম, ময়জুল হক প্রমুখ।