রাজনগরে শিশু খুন, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগরে রিপন রবি দাস (৭) নামের এক শিশু খুন হয়েছে। উপজেলার উদনা চা-বাগানের ২০ নম্বর সেকশন থেকে গত সোমবার গভীর রাতে রাজনগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত রিপন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ গ্রামের গণেশ রবিদাসের ছেলে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ পশ্চিম জালালাবাদের সামাদ (১৬) ও রাহেল (১৩) নামের দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। রাজনগর থানার পুলিশ জানিয়েছে, সোমবার সকালের দিকে রিপন রবিদাস বাড়ি থেকে বেরিয়ে যায়। বেলা তিনটা পর্যন্ত সে বাড়িতে না ফিরলে অভিভাবকেরা তাকে খুঁজতে শুরু করেন। রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উদনা চা-বাগানের ২০ নম্বর সেকশনে রাত সাড়ে আটটার দিকে রিপনের লাশ পাওয়া যায়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ গভীর রাতে লাশটি উদ্ধার করে। এদিকে উদনা চা-বাগানের একজন চৌকিদার সোমবার সকালের দিকে রিপন, সামাদ ও রাহেলকে একসঙ্গে উদনা চা-বাগানের ২০ নম্বর সেকশনের দিকে যেতে দেখেন। তাই রিপনের লাশ উদ্ধারের পর স্থানীয় লোকজন সামাদ ও রাহেলকে আটক করে রাতেই রাজনগর থানায় সোপর্দ করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার দুজনকে আজ (মঙ্গলবার) আদালতে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। রিপনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’