রাজনগরে শিশুর লাশ উদ্ধার
মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের আবাসিক কমপ্লেক্সের অব্যবহূত একটি বাসা থেকে রজব আলী (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা দেড়টার দিকে রাজনগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রজব উপজেলা পরিষদসংলগ্ন পুদিনাপুর গ্রামের বারিক মিয়ার কলোনির মনজু মিয়ার ছেলে। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দামুড়া গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রজব আলী গত শনিবার সন্ধ্যা নাগাদ বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। গতকাল দুপুরে রাজনগর উপজেলা পরিষদের আবাসিক কমপ্লেক্সের একটি অব্যবহূত বাসায় শ্রমিকেরা কাজ করতে গেলে গোসলখানায় রজব আলীর লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘শিশুটির কপালে জখম পাওয়া গেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।’