রাজনগরে সংঘর্ষে ছাত্রলীগের আহত নেতার মৃত্যু
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের নেতা মহরম মিয়া (২২) চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার সকালে মারা গেছেন। স্থানীয় বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গত রোববার তিনি গুরুতর আহত হয়েছিলেন।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, পূর্ববিরোধের জেরে সংঘর্ষে রোববার সন্ধ্যায় আহত হন রাজনগর ইউনিয়ন ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মহরম মিয়া। তাঁকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মহরমের বাড়ি উপজেলার ভুজবল গ্রামে। ওই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়ছল আহমদ, আলী হোসেন, নাজু মিয়া ও হাফিজুর রহমান নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। মহরম মিয়ার ভাই সাবু মিয়া বাদী হয়ে ঘটনার পরদিন রাজনগর থানায় একটি মামলা করেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুবের আহমদ চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে ওই মামলায় আসামি করা হয়। ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক দেখা দেয় এবং দোকানপাট বন্ধ রাখা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। সব দলের স্থানীয় নেতা ও পুলিশের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। এতে দোকানপাট খোলার আহ্বান জানানো হয়েছে এবং কেউ ভয়ভীতি দেখালে প্রশাসনকে জানাতে বলা হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন গতকাল বলেন, পরিস্থিতির ওপর পুলিশের সতর্ক দৃষ্টি রয়েছে। সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।