মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় গত বৃহস্পতিবার রাতে সাবেক চেয়ারম্যানসহ দুজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (৬৫) ও বাদল মিয়া (৩০) আহত হয়েছেন। পুলিশ ঘটনার পরপরই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তা ছাড়া এ সময় একটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। এ সময় চারটি বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। নবনির্বাচিত চেয়ারম্যান ছাতির মিয়া অভিযোগ করেন, বৃহস্পতিবার সাত-আটজন সমর্থক নিয়ে তিনি বৃহস্পতিবার স্থানীয় মুন্সিবাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ব্রাহ্মণগাঁওয়ে অন্তত ২৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁর সমর্থক রফিকুল ও বাদল আহত হন। পরাজিত চেয়ারম্যান প্রার্থী ছালেক মিয়ার সমর্থকেরা এ হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কেউ মামলা করেনি। ১৮ জুন রাজনগরের মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।