রাজনগরে ২১ দফা দাবিতে চা-শ্রমিক সমাবেশ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা-বাগানে ২১ দফা দাবিতে চা-বাগান পঞ্চায়েতের উদ্যোগে চা-শ্রমিক সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকালে চা-বাগানের ২ নম্বর বাংলো প্রাঙ্গণে এ সমাবেশ চলার সময় এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা।
২১ দফার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে মাথিউড়া চা-বাগানে কারখানা স্থাপন, রাবারশ্রমিকদের চা-শ্রমিকদের মতো সব সুযোগ-সুবিধা প্রদানসহ দৈনিক মজুরি ১৫০ টাকায় উন্নীত করা, ১০০ অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ীকরণ, স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের সমান মজুরি প্রদান ইত্যাদি।
চা-শ্রমিক নেতা গোপাল শালিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাথিউড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুপ্রিম গৌড়, পঞ্চায়েত কমিটির সদস্য মানিক রবিদাস, জগৎ নারায়ণ রাজভর, সমলু নাইডু প্রমুখ।
মাথিউড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুপ্রিম গৌড় গতকাল প্রথম আলোকে বলেন, শ্রমিকদের স্বার্থে এ দাবিগুলো পূরণ করতে হবে। বাগানে ফ্যাক্টরি স্থাপন করা হলে অন্তত ১০০ শ্রমিকের কর্মসংস্থান হবে। বাগান অনেক উন্নত হবে।