
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের রাজনীতি আর ওকালতি আলাদা রাখার পরামর্শ দিয়েছেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-১-এ গতকাল কার্যক্রম শুরু হলে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের এ পরামর্শ দেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান ও সাহিদুর রহমান এজলাসে উপস্থিত ছিলেন। তাঁদের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘প্রসিকিউটররা (রাষ্ট্রপক্ষের কৌঁসুলি) আজকাল খুব বেশি কথা বলছেন। এত বেশি কথা ভালো নয়। রাজনীতি রাজনীতির জায়গায়, ওকালতি ওকালতির জায়গায়। রাজনীতি আর ওকালতি একসঙ্গে মেলাবেন না।’
সম্প্রতি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে।
ট্রাইব্যুনাল গত ১৩ নভেম্বর নিজামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন, তবে রায় ঘোষণার দিন এখনো ধার্য করেননি। ট্রাইব্যুনাল গতকাল সুনির্দিষ্টভাবে কোনো কৌঁসুলির নাম না বললেও রাষ্ট্রপক্ষ ধারণা করছে, মোহাম্মদ আলীকে উদ্দেশ করেই ট্রাইব্যুনাল এ কথা বলেছেন।
গতকাল এই ট্রাইব্যুনালে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। জাহিদ হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজির না থাকায় সাক্ষ্য গ্রহণ ৯ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের কারণে মোবারকের মামলা পরিচালনাকারী আইনজীবী আহসানুল হক ট্রাইব্যুনালে উপস্থিত না থাকায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।