রাজনীতি এখন মুনাফা অর্জনের হাতিয়ার: ইফতেখারুজ্জামান
দেশের রাজনীতি এখন মুনাফা অর্জনের হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘এর ফলে দেশের জনগণের কল্যাণের চেয়ে অধিক অর্থ উপার্জনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন ক্ষমতাবানরা।’
আজ রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সুশাসন ও সুনীতি: আগামীর বাংলাদেশ ও তরুণ সমাজ’ শীর্ষক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদপত্র পাঠক ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এ সেমিনারের।
ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্বাচনের আগে ব্যবসায়ীরা টাকা দিয়ে দলের মনোনয়ন কিনে নেন। নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় এসে তাঁরা সেই টাকা তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে তাঁরা বিনিয়োগ করা টাকার কয়েক গুণ বেশি তুলে নেন।’
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘দেশে সুশাসন ও সুনীতি প্রতিষ্ঠায় সবচেয়ে জরুরি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা ও তার প্রয়োগ। এজন্য গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে এবং সুশাসনের পূর্বশর্ত হিসেবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতির কারণে শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে সেটি প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় হলো দেশ গঠনের সূতিকাগার। দুর্নীতি প্রতিরোধে তাই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’
বিশ্ববিদ্যালয় সংবাদপত্র পাঠক ফোরামের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, প্রাণীবিদ্যা বিভাগের শামসুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন।