রাজনীতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। সরকারি সেবা খাতগুলো বেসরকারি সেবা খাতগুলোর তুলনায় বেশি দুর্নীতিগ্রস্ত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) পরিচালিত ‘জাতীয় যুব-সততা জরিপ ২০১৫’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সততা ও দুর্নীতি সম্পর্কে দেশের যুবাদের ধারণা পেতে ৩১টি জেলার ৩ হাজার ৬৫৬ জনের ওপর জরিপ পরিচালনা করে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গবেষণায় অংশ নেওয়া যুবাদের বয়স ১৫ থেকে ৩০ বছর।
গতকাল মঙ্গলবার সকালে টিআইবির ধানমন্ডি কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার মনজুর-ই-খোদা ও শাম্মী লায়লা ইসলাম।
গবেষণায় সরকারি ও বেসরকারি খাতে বিদ্যমান সততা সম্পর্কে যুবাদের কাছে জানতে চাওয়া হয়। তাদের ৮৬ শতাংশ রাজনীতিতে ও ৬৬ শতাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সততার অভাব আছে বলে উল্লেখ করে। তারা বেসরকারি খাতের ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবাকে সরকারি খাতের ব্যবসা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার চেয়ে বেশি ইতিবাচক বলে মত দেয়। তাদের মতে, সরকারি সেবার চেয়ে বেসরকারি সেবা খাতে দুর্নীতি কম।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, সততা সম্পর্কে যুবাদের ধারণা বেশ স্বচ্ছ হলেও জীবনে সততা চর্চার ক্ষেত্রে তাদের একটি বড় অংশের বিপরীত ও নেতিবাচক অবস্থান রয়েছে। বাস্তবতার নিরিখে যুবারা অসততা জেনেও পরিস্থিতির কারণে সেই ধরনের কাজ করতে বাধ্য হবে বলে মত দিয়েছে। অথচ ৯৮ শতাংশ যুবাই বলেছে, সততার অভাব দেশের অর্থনীতি ও উন্নয়নের জন্য একটি বড় সমস্যা। তাদের কাছে যে ব্যক্তি দুর্নীতি করে না, ঘুষ নেয় না, দেয়ও না, তিনিই সৎ ব্যক্তি।
জরিপে অংশ নেওয়া যুবাদের মধ্যে ৭১ শতাংশ দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ করতে আগ্রহী। অন্যদের মধ্যে যারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ করতে চায় না, তাদের ৬২ শতাংশই মনে করে যে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে লাভ হবে না।
জরিপে অংশ নেওয়া অধিকাংশই মনে করে, ধনী হওয়ার চেয়ে সৎ হওয়া গুরুত্বপূর্ণ, অসৎ ব্যক্তির চেয়ে সৎ ব্যক্তির জীবনে সফল হওয়ার সম্ভাবনা বেশি। ৭০ শতাংশ বলেছে, পরীক্ষায় পাস করতে ও চাকরি পেতে প্রতারণার আশ্রয় নেবে না। দেশের বিদ্যমান দুর্নীতিবিরোধী আইন-কানুন ও বিধিমালা সম্পর্কে জানে মাত্র ১ শতাংশ যুবা। আর ৫৮ শতাংশ একেবারে কিছুই জানে না।
সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নৈতিক কারণে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘মন্ত্রী মোফাজ্জল হোসেনের বিষয়টি বিচারাধীন। তাই তাঁর মন্ত্রিত্ব আছে বা নেই তা নিয়ে কথা বলার সুযোগ নেই। তবে আমি মনে করি, পদত্যাগ করে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। এ ধরনের নজির অনেক দেশে দেখা গেলেও বাংলাদেশে তা নেই। তিনি পদত্যাগ করলে তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠত না। বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ হতো না।’ তিনি বলেন, একই কথা খাদ্যমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। গম নিয়ে যে অভিযোগ উঠেছে, তাতে তাঁর পদত্যাগ করা উচিত ছিল। এরপর নিরপেক্ষ তদন্তের পর তিনি নির্দোষ প্রমাণিত হলে সাধারণ মানুষ তাঁকে ফুল দিয়ে বরণ করত। তাঁর জনপ্রিয়তা আরও বাড়ত।
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, ‘যুবারা জেনে-বুঝেও দুর্নীতি করছে এবং মেনে নিচ্ছে, এটা দুঃখজনক। তারা নানা কারণে জীবনে সততার চর্চা করতে পারে না। বর্তমান রাজনৈতিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক ব্যবস্থার কারণে তারা তাদের মূল্যবোধ কাজে লাগাতে পারছে না।’ তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়তে শিক্ষা জরুরি। অথচ এবারের বাজেটে এ খাতেই বরাদ্দ কম দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, দুর্নীতি-অসততা সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়েছে।
সংবাদ সম্মেলনে টিআইবির উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান উপস্থিত ছিলেন।