রাজনীতি ও উন্নয়নের সব ক্ষেত্রে সমঝোতার পরিবেশ সৃষ্টি প্রয়োজন। গণতন্ত্র শক্তিশালী করতে হলেও সমঝোতার বিকল্প নেই। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে নতুনভাবে চিন্তা করতে হবে। ‘সবকিছু বিজয়ীর দখলে যাবে’—এই মনোভাব থেকে বের হয়ে সংঘাতের মনোভাব ত্যাগ করে সমঝোতার দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে।
গতকাল রোববার ‘রাজনৈতিক উন্নয়নের পুনর্বিবেচনা: সংস্কৃতি, সভ্যতা ও পরিচিতি’ শীর্ষক দুই দিনব্যাপী এই আঞ্চলিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তাঁরা ১১তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের দুটি প্রধান দলের মধ্যে সংলাপের ওপর গুরুত্ব দেন।
সেমিনারে দুপুরের বিরতির সময় বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বিএনপির সঙ্গে সমঝোতা সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কোনো লক্ষণ বিএনপির মধ্যে দেখা যাচ্ছে না। আর নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি এখন আর প্রধান বিরোধী দলও নয়। ‘আর যারা আমাদের দাওয়াত গ্রহণ করেনি,
তাদের সঙ্গে আর কোনো সংলাপ নয়।’ এই মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতি (ইপসা) বেসরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের
(বিইআই) সঙ্গে যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেন। টেকসই ও প্রকৃত গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য কার্যকর সংসদ, শক্তিশালী প্রতিষ্ঠান ও সক্রিয় বিরোধী দলের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তাঁরা।
রাজধানীর বনানীতে পিআরআইয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারের প্রথম দিনে দেওয়া বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, এ পর্যন্ত চারটি তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকার নির্বাচন পরিচালনা করেছে। এই পদ্ধতির অসুবিধা হলো, নির্বাচনের আগে সর্বশেষ ক্ষমতাসীন দলকে নিগৃহীত হতে হয়। আর বিরোধী দল সুবিধা পায়। এ অবস্থায় এ পদ্ধতিটি জনগণ ভালোভাবে গ্রহণ করতে দ্বিধায় পড়ে। ১১তম জাতীয় সংসদ নির্বাচন আগাম অনুষ্ঠানের সুপারিশ রেখে তিনি বলেন, এই নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে, এর প্রাতিষ্ঠানিক কাঠামো কী হবে, তা নিয়ে দ্রুত সংলাপ শুরু হওয়া উচিত।
প্রথম দিনে গণতন্ত্রায়ণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জিল্লুর রহমান খান। সেমিনারে প্রথম দিনে সভাপতিত্ব করেন বিইআইয়ের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান।
পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান মনসুরের সভাপতিত্বে সেমিনারে দ্বিতীয় দিনে গতকাল সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর তাঁর চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমরা সাধারণত ধরে নিই যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শত্রুতামূলক সম্পর্ক রয়েছে। বিশ্বের বিভিন্ন বন্দর ও সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি সম্পর্কে চীনের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা বলেন, ‘আমরা সারা বিশ্বে ব্যবসা করি। যুক্তরাষ্ট্র যদি ওই ব্যবসায়ের পরিবহনের পথ নিরাপদ রাখে, তাহলে তা আমাদের জন্যই ভালো।’