রাজনীতি ও জমি দখল
নিজ দল সরকারে আসার পর থেকে অন্যের পাঁচ বিঘা জমি দখলে রেখে চাষাবাদ করছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন বাস্তুহারা লীগের সভাপতি ও দামোদরপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম। জমির মালিককে তিনি জানিয়ে দিয়েছেন যে, এর আগে সন্ত্রাসীদের হাত থেকে তাঁর (জমির মালিকের) বাড়ি রক্ষা করতে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে ক্ষতি পূরণ করতে এর কোনো বিকল্প নেই।দামোদরপুর গ্রামের আবুল কালাম আজাদ জানান, তিনি চাকরিসূত্রে ৪০ বছর ধরে ঢাকায় বসবাস করছেন। গ্রামে তাঁর জমি দেখাশোনা করতেন চাচাতো ভাই ও প্রতিবেশীরা। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় গ্রামের ১৭৮ নম্বর মৌজায় তাঁর মালিকানাধীন পাঁচ বিঘা জমি ধান রোপণের জন্য তৈরি করা হয়। কিন্তু নির্বাচনের পর বর্তমান সরকার ক্ষমতায় এলে আবুল কাশেম ওই জমি জোর করে চাষ করেন। তিনি বিষয়টি জানতে পেরে ঢাকা থেকে এসে এর কারণ জানতে চাইলে কাশেম জানান, রাজনীতি করতে গিয়ে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর (কালাম) পক্ষে কথা বলতে গিয়েও তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন। ওই ক্ষতি পূরণ করতে এর কোনো বিকল্প নেই।আবুল কালাম আরও জানান, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, এমনকি তাঁর সঙ্গে এলাকার কারও বিরোধ নেই। তিনি অভিযোগ করেন, তিনি বাড়িতে থাকেন না। তাঁর জায়গা-জমি অন্য ব্যক্তিরা দেখাশোনা করেন। তাঁর এই অনুপস্থিতির সুযোগে ক্ষমতার জোরে আবুল কাশেম তাঁর জমি দখল করেছেন। এখন ফেরত চাইতে গেলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তিন মাস আগে এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দেন। আবুল কালাম জানান, পুলিশ অভিযোগ তদন্ত করে ফিরে যাওয়ার পর আবুল কাশেম ও তাঁর লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁকে খুঁজতে থাকে। ভয়ে তিনি দুই দিন ঘর থেকে বের হননি। পরে গোপনে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যান, সেখানে গিয়ে বিষয়টির প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি লিখিত আবেদন করেন। গত ৩০ আগস্ট প্রধানমন্ত্রীর দপ্তরের ডাক গ্রহণ ও বিতরণ শাখার কর্মকর্তারা তাঁর অভিযোগটি গ্রহণ করেন। কিন্তু তিনি আজ পর্যন্ত এর কোনো প্রতিকার পাননি। এখন তিনি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।গ্রামের মন্টু মাতবর জানান, আবুল কাশেম জোর করেই জমিটি দখল করে নিয়েছেন। ক্ষমতার দাপটের কারণে কেউ কিছু বলতে পারছে না। বৃদ্ধ জালাল আহম্মদ জানান, তাঁদের কিছু বলার নেই। শুধু দেখছেন। আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি আবুল কালাম ব্যাপারি বলেন, একসময় আবুল কালামকে বিপদের হাত থেকে রক্ষা করেন আবুল কাশেম। এ কারণে তাঁরা আবুল কাশেমকে হাজার দশেক টাকা দিতে বলেন। এই টাকা না দেওয়ায় জমিটি দখল করে রেখেছেন কাশেম। এটি ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।আবুল কাশেম দাবি করেন, ১৯৯৬ সালের পর আবুল কালামের বাড়িতে আওয়ামী লীগের কিছু লোক হামলা চালায়। তিনি তাদের হাত থেকে তাঁর বাড়িটি রক্ষা করেন। এ কারণে একটি মহল তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তাঁকে হয়রানি করে। এতে তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আবুল কালামের কাছে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা চান। কিন্তু তা না দেওয়ায় তিনি গ্রামের কিছু লোককে বিষয়টি জানান। পরে তাঁরা বসে ১০ হাজার টাকা দিতে বলেন। কিন্তু কালাম তা-ও দিতে রাজি না হওয়ায় তিনি তাঁর জমি চাষ করে খাচ্ছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, বিষয়টি তাঁর মনে পড়ছে না। তবে এ ধরনের ঘটনা ঘটলে তিনি অবশ্যই পদক্ষেপ নেবেন। তিনি জমির মালিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দেখবেন বলে জানান।