রাজনীতি ও ধর্মের নামে সন্ত্রাস করছে জামায়াত-শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি ও ধর্মের নামে সন্ত্রাস করছে জামায়াত-শিবির। তারা বোমা মেরে, গুলি করে ও বাসে আগুন দিয়ে এবং ট্রেন লাইনচ্যুত করে মানুষ হত্যা করছে।
গতকাল শনিবার বিকেলে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এবং গত শুক্রবার সন্ধ্যায় বরিশালের অশ্বিনী কুমার হলে ‘শান্তির অন্বেষায়’ নামক সংগঠনের বিভাগীয় আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, জামায়াত-শিবির পবিত্র কোরআনের অপব্যাখ্যা দিয়ে ধর্মের নামে সন্ত্রাস করছে। ওদের সন্ত্রাস ও তাণ্ডব রুখতে দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াত-শিবির কোরআন-হাদিস ও মুসলমানদের অবমাননা করছে। জামায়াতে ইসলামী মহান স্বাধীনতার বিরোধিতা করে ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। হত্যা করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। এখন তারা বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে দেশের গণতন্ত্র, সংবিধানের তোয়াক্কা না করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করছে। তাই দেশপ্রেমিক সব নাগরিককে এসব অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন এবং বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান, শান্তির অন্বেষার সংগঠক আল নোমান, প্রবীণ আইনজীবী ও সংবিধানের অন্যতম প্রণেতা এনায়েত আলী, মহানগর জাসদের সভাপতি রফিকুল হক, ইসলামী চিন্তাবিদ দেলোয়ার হোসাইন সাইফি, মুক্তিযুদ্ধে মামা বাহিনীর প্রধান শহীদুল হক মামা, ইকরা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন সিরাজী, প্রজন্ম ’৭১-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন প্রমুখ।