
রাজনীতি ও ভাবমূর্তিসম্পন্ন প্রার্থীই সিলেটে ভোটারদের পছন্দ। এ দুটি বিষয় দেখে এবং উন্নয়ন কর্মকাণ্ড বিবেচনা করে তাঁরা ভোট দেন বলে জানিয়েছেন অনেক ভোটার। আর তরুণ ভোটাররা রাজনীতির চেয়ে স্থানীয় উন্নয়ন নিয়েই বেশি কৌতূহলী। ফলে এবার ৩৪ হাজার ৫৬৬ জন নতুন ভোটার হয়ে উঠতে পারেন সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের নিয়ামক। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের নিরিখে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেই ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে “ডিসাইডিং ফ্যাক্টর” হতে পারে নতুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ।’এ বিষয়টি মাথায় রেখে ১৫ জুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থী ১৪ দল-সমর্থিত বদরউদ্দিন আহমদ কামরান এবং ১৮-দলীয় জোট-সমর্থিত আরিফুল হক চৌধুরী প্রচারণা চালাচ্ছেন। তাঁদের প্রচারণা পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতিদিনই তাঁদের প্রচার-কৌশল পরিবর্তিত হচ্ছে। আরিফুল হকের প্রচারণায় সরকারবিরোধী রাজনীতির পাশাপাশি চারদলীয় জোট সরকারের আমলে স্থানীয় উন্নয়নগুলো থাকছে। তিনি কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ‘পরিবর্তনের ডাক’ দিয়ে প্রচারণা চালাচ্ছেন।অন্যদিকে সদ্য সাবেক মেয়র কামরান তাঁর ‘অসমাপ্ত উন্নয়নকাজ’ সম্পন্ন করার, তাঁর সময়ে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকা এবং নিজে রাজনীতি করলেও নগর ভবনকে সবার জন্য উন্মুক্ত রাখার বিষয়টি প্রচারণায় আনছেন।বারুতখানা এলাকার নতুন ভোটার উমেদ আহমদ বলেন, ‘রাজনীতি নয়, প্রার্থীর ভাবমূর্তি দেখে ভোট দেব।’নির্বাচনের এই সময়ে নগরজুড়ে লাগানো হয়েছে বিএনপির ‘নিখোঁজ’ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে নিয়ে পোস্টার। বিএনপির নেতারা মনে করছে, ইলিয়াস আলীর প্রতি ‘সহানুভূতি’ নির্বাচনে প্রভাব ফেলতে পারে।নগরের শেখঘাট এলাকার গৃহিণী ছায়া রানী নাথ বলেন, ‘আমার বিবেচনায় কোনো প্রার্থীই পছন্দের নয়। কিন্তু ভোটের সময় জাতীয় রাজনীতি বিবেচনায় একজনকে বেছে নেব।