রাজনীতি ও সাংবাদিকতা উভয় ক্ষেত্রেই যোগ্যতার দারুণ অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, দেশে সুস্থ রাজনীতির দুর্ভিক্ষ চলছে। জনসংযোগহীন রাজনীতি আর জনসংযোগহীন সাংবাদিকতা দুটোই ভয়ংকর। রাজনীতি ও সাংবাদিকতার মান পড়ে গেছে। উভয় ক্ষেত্রেই এখন যোগ্যতার দারুণ অভাব। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদ, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম প্রমুখ উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের জেলা তথ্য অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশে বলেন, যা দেখবেন তা লিখবেন, কারও কাছ থেকে শুনে লিখবেন না। ভালো মানুষ এখন আর রাজনীতি করতে উৎসাহী হন না, খারাপ লোকেরা যদি মঞ্চ দখল করে রাখেন, তাহলে দেশ ভালো চলে না। সব ক্ষেত্রেই বারোটা বেজে গেছে। বহু কাগজ ৫০টির বেশি ছাপা হয় না, কিছু লোক ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকতা করেন। তিনি রাজনৈতিক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আমরা ধোয়া তুলসীপাতা নই। সমালোচনাকে সহনশীলতা দিয়ে গ্রহণ করুন। সমালোচনা আমাদের শুদ্ধ করবে। সরকারের ২২ মাস পর পেছনের সরকারের ব্যর্থতার কথা না বলে নিজেদের নির্বাচনী অঙ্গীকার পূরণের ওপর জোর দিতে হবে।