স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসকদের রাজনীতি না করে আন্তরিকভাবে রোগীর সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা রাজনীতি একটু কম করেন। রাজনীতিবিদদের রাজনীতি করতে দিন।’
গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিশু শল্যচিকিৎসকদের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশ দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে।
দেশে চিকিৎসকদের অনেক সংগঠন, চিকিৎসকদের এত সংগঠন হয়তো পৃথিবীর আর কোনো দেশে নেই বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানুষ হৃদয়বান ডাক্তার আর মমতাময়ী নার্সের সেবা চায়।’
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারের তালিকায় শীর্ষে আছে স্বাস্থ্য। চিকিৎসা, শিক্ষা ও সেবার মানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু মেডিকেল কলেজে লাইব্রেরি নেই, ল্যাবরেটরি নেই। এরা ভাড়াটে শিক্ষক দিয়ে ক্লাস করায়। তিনি অভিযোগ করেন, সভাস্থলে, এমনকি মঞ্চে উপস্থিত চিকিৎসকদের কেউ কেউ মানহীন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কে রেখে চলেন।
বিশেষ অতিথি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডি কে গুপ্ত বলেন, শিশুদের চিকিৎসা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। শিশু শল্যচিকিৎসা বিশেষায়িত সেবা হিসেবে তুলনামূলকভাবে নতুন। এর জন্য অতি উচ্চপর্যায়ের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি দরকার। চিকিৎসকদের দরকার আত্মপ্রত্যয়, দক্ষতা ও অভিজ্ঞতা।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হানিফ বলেন, ১৯৮১ সালে ঢাকা শিশু হাসপাতালে প্রথম শিশু শল্যচিকিৎসা শুরু হয়। বর্তমানে দেশে এ বিষয়ে ১৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন।
সংগঠনের সভাপতি মো. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য দেন।