
বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে গণতান্ত্রিক পথে ফিরে আসতে হবে। তিনি বলেন, এ দেশে জঙ্গিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। তাদের যত বড় মুরব্বি থাকুক।
গতকাল শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যা করছে তা আন্দোলন নয়। এটা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। কেউ সন্ত্রাস ও জঙ্গিবাদ করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব বন্ধ করতে যা করা প্রয়োজন তা করা হবে। দেশ থেকে সন্ত্রাস বন্ধ করতে হবে। তিনি বলেন, জামায়াত নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান তাদের রাজনীতি করার সুযোগ দেন। বিএনপির সঙ্গে জামায়াত আছে। বিএনপি অপরাধীদের সঙ্গে আছে। অপরাধ সংঘটনই তাদের কাজ। নির্বাচনে জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে।
সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘হামলার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছি। ঘরের ডিজাইনও করে দিয়েছি। মোটামুটিভাবে ছয় ইঞ্চি গাঁথনি ও টিনের চালের ঘর তৈরি করতে বলেছি। তাদের স্যানিটারি ল্যাট্রিন করে দেওয়া হবে।’
শেখ হাসিনা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা দেখে ২০০১ সালের কথা মনে পড়ে যায়। তারা এবার নির্বাচনে আসেনি, তাতেই এই অবস্থা। নির্বাচনে এলে, আল্লাহ না করুক, তারা ক্ষমতায় এলে দ্বিগুণ আক্রমণ হতো। তিনি বলেন, জঙ্গিবাদী সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকার গঠনের পর বিশেষ করে শপথ গ্রহণের পর দেশে স্বস্তি ফিরে এসেছে। যদিও বিএনপির নেত্রীর জনগণের শান্তি দেখলে ভালো লাগে না।’ তিনি বলেন, এই প্রথম একটি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে অন্য একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছে। তিনি জনগণ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
স্বতন্ত্র সাংসদদের দলে নেওয়া হবে না: শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সোয়া ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলা এ বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী জানান, এবার স্বতন্ত্র কোনো সাংসদকে দলে নেওয়া হবে না। তাঁরা স্বতন্ত্র সাংসদ হিসেবেই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য সাত বিভাগে সাতটি দল করে দেওয়া হবে।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরীর পদ শূন্য ঘোষণা করা হয়। সম্প্রতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দলীয় পদে না থাকার ইচ্ছা পোষণ করেছিলেন। তবে তিনি সংগঠনের বাইরে থেকে কাজ করবেন বলে প্রধানমন্ত্রীকে জানান।