রাজনীতি কলুষিত, নেই প্রকৃত গণতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি কলুষিত হয়ে গেছে। দলাদলির চাপে রাজনৈতিক মূল্যবোধ এখন পদদলিত। নেই প্রকৃত সংসদীয় গণতন্ত্র। রাজনীতি ব্যবসায়ী ও টাকাওয়ালাদের হাতে চলে গেছে। ছাত্ররাজনীতিও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যত্ বইয়ের প্রকাশনা উত্সবে প্রবীণ রাজনীতিকেরা এসব কথা বলেন। বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না।ডাকসুর সাবেক সহসভাপতি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, “কেউ জোর করে নেতা হতে পারে না। জোর করে নেতা বানানোও যায় না”। কিন্তু এখন ইচ্ছা করলেই নেতা বানানো যায়। রাজনীতিবিদ হতে হলে এখন জেলে যেতে হয় না, রাজপথে মার খেতে হয় না, সংগ্রাম করতে হয় না।’ তিনি আরও বলেন, ‘রাস্তাঘাটের সংস্কার নিয়ে সংসদে একটি প্রশ্ন করেছিলাম। ও মাই গড!... সেটা নিয়ে কত আলোড়ন!’ছাত্ররাজনীতি প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের সময় মত ও পথের ভিন্নতা ছিল। কিন্তু জাতীয় প্রশ্নে সবাই একসঙ্গে কাজ করেছি। সে রাজনীতি আজ হারিয়ে গেছে। এ জন্য আমরা জাতীয় রাজনীতিবিদেরা দায়ী।’আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল জলিল বলেন, এখন রাজনীতিতে সত্য কথা বলার পর যে চাপ ও নির্যাতন নেমে আসে, তা প্রতিরোধ করার মতো ক্ষমতা রাজনীতিবিদদের থাকে না।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সাংসদদের কাজ আইন প্রণয়নে বিতর্ক করা, আইন প্রণয়ন করা। কিন্তু বিতর্ক করা এখন হারাম হয়ে গেছে। কারণ, বিতর্ক করলে সত্য বেরিয়ে যাবে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি রাশেদ খান মেনন বলেন, জাতীয় রাজনীতি দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্র্রদায়িকতার মধ্য দিয়ে এগোচ্ছে। ছাত্ররাজনীতিও একই পথে যাচ্ছে। ফলে ছাত্ররাজনীতিতে সংকট পিছু ছাড়ছে না।কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক সহসভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শ্রেণীগত পার্থক্য তৈরি হয়েছে। এটি ছাত্ররাজনীতির চরিত্র বদলে দিয়েছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাকসুর সাবেক সহসভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যত্ বইয়ের লেখক মাহমুদুর রহমান মান্না বক্তব্য দেন। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান শিখা প্রকাশনীর প্রকাশক নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।