রাজনীতি ঠিক হলে সব ঠিক হয়ে যাবে: কাদের
‘রাজনীতিতে এখন একটা দেয়াল সৃষ্টি হয়েছে, এখানে সেতুর দরকার ছিল’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের রাজনীতি ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। রাজনীতিতে আরও ভালো, সৎ, পরিচ্ছন্ন ও চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষমতাসম্পন্ন নেতৃত্ব দরকার।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আইবিএর অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (এসিবিএ) প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতিসংঘের আর্থসামাজিক উন্নয়নের সব সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অনেক টানাপোড়েন থাকার পরও বাংলাদেশের মানুষের গড় আয়, বৈদেশিক আয়, বৈদেশিক অর্থের রিজার্ভ বাড়ছে। তিনি পদ্মা সেতুর কাজের অগ্রগতি প্রসঙ্গে বলেন, ‘পদ্মাপারে গিয়ে দেখতে পাবেন বিশাল কর্মযজ্ঞ। অচিরেই সেতুর ওপর থেকে মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে যাবে। মে মাসেই প্রথম লেয়ারের ফিনিশিংয়ের কাজ শেষ হবে।’ তিনি বলেন, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নেই। কিন্তু অচিরেই আইবিএ সেই জায়গায় যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইবিএর সাবেক পরিচালক আবদুর রব, পরিচালক এ কে এম সাইফুল মজিদ, কোর্স সমন্বয়ক মহিউদ্দিন প্রমুখ।