রাজনীতি থেকে জামায়াতকে বিদায় নিতে হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াতে ইসলামী সশস্ত্র জঙ্গিবাদী একটি সংগঠন। বিএনপির নেতারা জামায়াতকে রক্ষার শেষ চেষ্টা চালাবেন। বিএনপির নেতারা যত চেষ্টা চালান না কেন, বাংলাদেশের রাজনীতি থেকে জামায়াতকে বিদায় নিতে হবে।
আজ রোববার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। সেখানে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেওয়া বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ১৪-দলীয় জোট নির্বাচনে কোনোদিনই সেনাপতিদের ব্যবহার করেনি। সেনাপতিদের ব্যবহার করে নির্বাচনে কারচুপি করার ইতিহাস হচ্ছে খালেদা জিয়া ও তাঁর স্বামী জেনারেল জিয়াউর রহমানের। বিএনপি এসব কাল্পনিক মিথ্যাচার বন্ধ করলে তা  মঙ্গলজনক হবে।
বিএনপির নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে দুশ্চিন্তা করবেন না। নির্বাচন হবে; নির্বাচনে আপনারা, আমরা অংশগ্রহণ করব।’
এ সময় সেখানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী মিরপুর উপজেলার ১৫০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।