রাজনীতি থেকে পুরানোদের সরে যাওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেছেন, পুরোনো প্রজন্মকে এখন রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। রাজনীতিতে এখন তারেক রহমান রয়েছেন, জয় এসেছেন। তাঁদেরই উচিত রাজনীতির হাল ধরা। নতুন প্রজন্ম রাজনীতিতে এলে দেশ বদলে যাবে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীতে একটি বেসরকারি টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রফিক-উল হক বলেন, এখন দশম সংসদের জন্য আলোচনা সম্ভব নয়। বিএনপি রাজি হলে একাদশ নির্বাচন নিয়ে কথা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই কথা বলেছেন। প্রবীণ এই শেখ হাসিনা প্রতিশ্রুতি রাখবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
রফিক-উল হক বলেন, আওয়ামী লীগ বলছে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, আইনত ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু নির্বাচন একেবারে পেছানো যাবে না, সেটাও ঠিক নয়। যেহেতু এখনো সংসদ রয়েছে, সেহেতু সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যেও নির্বাচন করা যাবে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার নির্বাচনী বিতর্ক অনুষ্ঠান ডিবেট ফর ডেমোক্রেসির বিষয় ছিল ‘রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতা না হওয়ার দায় কার’। এই বিতর্কে অংশ নেন দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সরকারি দল ছিল প্রাইম এশিয়া ও বেসরকারি দল ছিল ইবাইস বিশ্ববিদ্যালয়। বিজয়ী হয় ইবাইস বিশ্ববিদ্যালয়।