রাজনীতি ধ্বংসের উদ্দেশ্যে আরপিও সংশোধন: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ
মওদুদ আহমদ

সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেছেন, রাজনীতি ধ্বংসের উদ্দেশ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন করা হয়েছে। এই সংশোনীর ফলে রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে থাকবে না।
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণে আয়োজিত সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। ‘বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠন এর আয়োজন করে।
মওদুদ আহমদ আরপিওর সংশোধনীর বিরোধিতা করে বলেন, যাঁরা প্রচুর টাকা নিয়ে দলে যোগ দেবেন, তাঁরাই দলীয় মনোনয়ন পাবেন। আগে বিধান ছিল, দলীয় মনোনয়ন পেতে হলে তিন বছর ওই দলের সদস্য থাকতে হবে। এখন এই বিধান বাদ দেওয়ায় রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে থাকবে না।
নির্বাচন কমিশনকে সরকারের ‘এজেন্ট’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তারা এখন যে বিধিমালা তৈরি করছে তাও অর্থহীন। জনগণ এ আরপিও চায় না। এই নির্বাচন কমিশনের প্রতি মানুষের শ্রদ্ধা নেই বলে তিনি দাবি করেন।
দুই নেত্রীর সংলাপ প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, এত তিক্ততার পরও যে দুই নেত্রীর মধ্যে কথা হয়েছে, এটা খুশির খবর। জনগণ এটাকে স্বাগত জানিয়েছে। পরে এটি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আসলে সংলাপের জন্য প্রধানমন্ত্রী ফোন করেননি—দাবি করে মওদুদ বলেন, প্রধানমন্ত্রী জনগণকে দেখানোর জন্য ফোন করেছেন। তিনি ২১ আগস্ট, বিরোধীদলীয় নেতার জন্মদিন, লাল টেলিফোন—এসব নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলেছেন। এসব অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলে আসল উদ্দেশ্যকে হতাশ করে দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।