রাজনীতি না বোঝা টিটু অপরাজনীতির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছরের কিশোর মেহেদি হাসানের যত আবদার, সবই ছিল বড় ভাইয়ের কাছে। দরিদ্র বাবার পক্ষে লেখাপড়ার খরচ চালানো সম্ভব নয় বলে বড় ভাই খালেদুর রহমান টিটুই (১৮) ছিলেন মেহেদির সব আশ্রয়। প্রিয় সেই ভাইকে হারিয়ে সে এখন পাগলপ্রায়। ‘ভাইয়া ভাইয়া’ চিৎকার করে আহাজারি করছে বাড়িময়। বাবা-মা কোনোভাবেই তাকে শান্ত করতে পারছেন না। ছেলেকে সান্ত্বনা দেবেন কী, মা শাকেলা বেগম নিজেই আহাজারি করছেন, ‘হামার ভালো ছলডা ফিরল লাশ হয়্যা।’বগুড়ায় গত রোববার জামায়াত-শিবিরের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান টিটু। বগুড়া সদর থানার গাজী পালসা গ্রামে টিটুর বাড়ি। শহরের নিউমার্কেটের একটি টেইলার্সে দর্জি শ্রমিকের কাজ করতেন তিনি।বুধবার পালসা গ্রামে গিয়ে কথা হয় টিটুর বাবা আলম মিয়ার সঙ্গে। তিনি জানান, পাঁচ শতকের বসতভিটাটুকুই তাঁর সম্বল। রংমিস্ত্রির কাজ করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর অভাবের সংসার। বড় ছেলে টিটু স্থানীয় পল্লীমঙ্গল আদর্শ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। অভাবের সংসারের হাল ধরতে পড়ালেখা বাদ দিয়ে দর্জির কাজ নিয়েছিলেন তিনি। সপ্তাহ শেষে পারিশ্রমিক পেতেন ৪৫০ টাকা। ছোট ভাই মেহেদির লেখাপড়ার খরচ চালাতেন তিনিই। মেহেদি পড়ে পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে।পরিবারের সদ্যসরা জানান, রোববার হরতালে যানবাহন বন্ধ থাকায় অন্যদিনের চেয়ে একটু সকাল সকাল কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হন টিটু। পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বগুড়া শহরের সাতমাথার কাছাকাছি পৌঁছান তিনি। আর কয়েক শ গজ পরই নিউমার্কেট। সেখানকার ডন টেইলার্সে কাজ করতেন তিনি। কিন্তু কর্মস্থলে পৌঁছার আগেই পড়ে যান জামায়াত-শিবির আর র‌্যাব-পুলিশ সংঘর্ষের মাঝখানে। সংঘর্ষের সময় বুলেট এসে লাগে তাঁর মাথায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।মেহেদি জানায়, স্কুলের বেতন, পরীক্ষার ফি কিংবা খাতা-কলম কেনার জন্য যত টাকা লাগত, শত কষ্ট হলেও পূরণ করতেন বড় ভাই। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে টিফিনের টাকার জন্য বড় ভাইয়ের কাছে যেতেন। ভাই নেই, এখন সে কার কাছে যাবে?ছোট ছেলের কান্না দেখে নিজেদের সামলাতে পারছেন না আলম মিয়া-শাকেলা বেগম। তাঁরা বলেন, টিটু রাজনীতি করতেন না। সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করেছে। তাঁরা ছেলে হত্যার বিচার চান।শাকেলা বেগম বলেন, ‘রাজনীতি কী, সেডা হামার ছলডা জানত না, বুঝত না। দর্জ্জির কাজ করে ছোট ভাইডার খরচ চালাত। সকালবেলা বাড়িত থাকি ভালো ছলডা বার হয়্যা গেল, আর পরদিন ফিরল লাশ হয়্যা।’দোকানে কাজ করে লেখাপড়া করতেন বাদল: বগুড়া শহরের নিউমার্কেটের একটি কাপড়ের দোকানে কাজ করতেন শহরের জয়পুরপাড়ার বাদল (১৮)। বেতনের টাকায় চলত কলেজ পড়ুয়া দুই বোনের লেখাপড়া। দোকান থেকে ফিরে রাতে নিজেও পড়ালেখা করতেন। এভাবে কষ্ট করে পড়ালেখা করেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেন বাদল। ইচ্ছে ছিল কলেজে ভর্তি হবেন। কিন্তু তাঁর সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেল।পরিবারের সদস্যরা জানান, গত রোববার সকালে টুথপেস্ট কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন বাদল। পাশেই ফুলবাড়ী পুলিশ ফাঁড়িতে তখন চলছিল জামায়াত-শিবিরের তাণ্ডব। পুরাতন দিনাজপুর সড়কের পাশে একটি দোকানের সামনে দাঁড়াতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। একমাত্র ছেলেকে হারিয়ে এখন শোকে পাথর বাবা-মা।বাবা আলতাব হোসেন জানান, গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর খোলপাড়ায় ভিটেমাটি ছাড়া তাঁর কিছুই নেই। ঢাকার একটি বেরসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনে কর্মচারীর কাজ করেন তিনি। ছেলে বাদলের উপার্জনেই চলত দুই মেয়ের লেখাপড়া।বাদলের চাচা মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘বাদলের খুব ইচ্ছা ছিল লেখাপড়া করে বড় চাকরি করবে। এ জন্য দোকানে কাজ করেও কষ্ট করে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হলো না।’