চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘চীনের উত্থান ও দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা অংশ নেন। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে পরিচালিত হেকেপ সিপি-১৩৩ এ সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক ও প্রকল্প পরিচালক ভূঁইয়া মো. মনোয়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি আ ন ম মুনির আহমদ, আনোয়ারা বেগম প্রমুখ। সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খাদগা কেসি, ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষক সলিমুল্লাহ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদুজ্জামান। এদিকে সেমিনারের শেষ দিনে আজ সোমবার প্রবন্ধ উপস্থাপন করবেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অবন্তী ভট্টাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল ফারুক এবং জ্যেষ্ঠ সাংবাদিক জগ্লুল আহ্মদ চৌধূরী।