রাজনীতি যেন অগ্রগতির পথে বাধা না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাল মেলাতে পারছে না। গণতন্ত্র না এগোলেও অর্থনীতি এগোচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সমানতালে রাজনৈতিক পরিস্থিতিরও উন্নতি ঘটাতে হবে। রাজনীতি যেন কোনো অবস্থায় দেশের যেকোনো ধরনের অগ্রগতির পথে বাধা না হয়ে সহায়ক হয়, সেই লক্ষ্যে এখন থেকে প্রধান দলগুলোকে কাজ করতে হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিআইজিডি) পরিচালিত ‘বাংলাদেশের শাসন পরিস্থিতি ২০১৩: গণতন্ত্র দল রাজনীতি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা এই অভিমত জানান।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শুধু নির্বাচনই শেষ কথা নয়। বর্তমান অবস্থা থেকে বের হতে হলে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এখনই প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপ শুরু করতে হবে। দলগুলোকে পূর্বশর্ত দিয়ে সংলাপ না করে সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিতে হবে। অনুষ্ঠানে গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব কি না, তা নিয়েও খানিকটা বিতর্ক হয়।
অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিআইজিডির গবেষণাপ্রধান মিনহাজ মাহমুদ। তিনি বলেন, প্রধান দুটি রাজনৈতিক দলের বিদ্যমান রীতি-পদ্ধতি ও চর্চাসমূহ এ দেশে আধুনিক ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছে। তাদের আচরণের কারণে অর্জিত সাফল্য বিপরীতমুখী ধারায় পরিচালিত হওয়ার ঝুঁকি রয়েছে। দেশে গণতন্ত্রকে সুসংহত এবং একে আরও বিকশিত করতে সামাজিক সমঝোতা অথবা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা প্রয়োজন।
প্রতিবেদনে রাজনৈতিক অনুন্নয়নের কারণ, আওয়ামী লীগ ও বিএনপির অভ্যন্তরে গণতন্ত্রের মাত্রা, রাজনৈতিক সহিংসতা, অর্থ জোগানদাতা বেসরকারি খাতের সঙ্গে দলগুলোর ক্রমবর্ধমান যোগসূত্র, নেতৃত্বে নারীদের অপ্রতুল ও বাঁধাধরা ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনের তথ্য তুলে ধরে মিনহাজ বলেন, রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো জন্মলগ্ন থেকেই প্রধান দুই দলের প্রবল প্রভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। তিনি রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানের ওপর দলগুলোর প্রভাবকে দলতন্ত্র বলে আখ্যা দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রতিনিধিদের দলতন্ত্র রাজনৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। এ থেকে উত্তরণে সুপারিশ হলো নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায়ন করা। মিনহাজ বলেন, রাজনৈতিক সহিংসতা মূলত দল প্রণোদিত সহিংসতা। বিগত বছরের তুলনায় ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতা বেড়েছে প্রায় চার গুণ।
প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপি সদস্যদের চাঁদাকে জেলা পর্যায়ে দলের আয়ের প্রধান উৎস বলেছে। তবে ব্যক্তিগত সাক্ষাৎকারে তারা বলেছে, ব্যক্তিমালিকানাধীন খাত থেকে প্রাপ্ত বড় অনুদানের ওপর দল নির্ভর করে। এতে প্রমাণিত হয়, আর্থিক খাত নিয়ে দলগুলোর দাবি ও বাস্তব অবস্থার মধ্যে ফাঁক রয়েছে। দুটি দলে নারীদের উপস্থিতি কম থাকার কারণ সম্পর্কে বলা হয়েছে, দলের চিন্তাধারা ও আদর্শ এমন যে রাজনীতিতে সিদ্ধান্ত গ্রহণের মতো শক্ত অবস্থান তৈরির জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা নারীদের কম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন উপস্থিত আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের ইঙ্গিত করে বলেন, তাঁরা প্রতিবেদনটির তথ্য অস্বীকার করেননি, এটি একটি ভালো দিক। তিনি বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য প্রধান দুই জোটকে সংলাপে বসার আহ্বান জানিয়ে এতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকেও রাখার কথা বলেন। তিনি বলেন, সংলাপ কেবল একটি ইস্যুতে নয়, জাতীয় স্বার্থের সব ইস্যুতেই হতে হবে। সংলাপ বা রাজনীতিতে জামায়াতে ইসলামীর ভূমিকা কী—দর্শকদের এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ধর্মনিরপেক্ষতা মেনে আসতে পারলে তারা আসবে।
ড. কামাল বলেন, দেশ স্বাভাবিক অবস্থায় নেই। স্বাভাবিক অবস্থায় ফিরতে একটি উপায় খুঁজে বের করতে হবে। শুধু নির্বাচন হলেই হয় না। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর যে প্রত্যাশা ক্ষমতাসীনদের কাছে ছিল, তা পাওয়া যায়নি। কিছু অসন্তুষ্টি রয়ে গেছে। বিশিষ্ট এই আইনজীবী আরও বলেন, দলের ভালো ও যোগ্যদের ভালো জায়গা ও প্রতিষ্ঠানে বসানো যেতে পারে; এটা কোনো সমস্যা নয়। কিন্তু অযোগ্য ও মেধাহীনদের বসানো হলে সেটা সমস্যা। তিনি বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক অবস্থায় হতাশা প্রকাশ করে এ থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে আরেকটি এক-এগারো তৈরি হতে পারত। সেটা থেকে ক্ষমতাসীনেরা জাতিকে রক্ষা করেছেন। তিনি বলেন, সংলাপের পরিবেশ তো তৈরি হতে হবে। স্বাধীনতার পক্ষের সঙ্গে পরাধীনতার সংলাপ হতে পারে না। যেমনটা আগুন-পানি আর তেল-জলে মেলে না। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, এবার নির্বাচনে যায়নি, তাই সংসদে যেতে পারেনি। তাতে কী হয়েছে, আগামীতে যাবে। এ জন্য অবশ্য নতুন করে তাদের রাজনীতি নিয়ে ভাবতে হবে।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, বিএনপি বাইরের একটি দেশের কথার ওপর নির্ভর করে নির্বাচনে যায়নি, এর দায় আওয়ামী লীগের নয়। সংলাপ চাইলে বিএনপিকে পূর্বশর্ত ছাড়া আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের অর্থনীতি ও তথ্যপ্রযুক্তি খাত যেভাবে এগোচ্ছে, রাজনীতিও সেভাবে এগোবে। দলের পরিবারতন্ত্র সময়ের চাহিদার সঙ্গে পরিবর্তন হবে। চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা ভালো হবে না।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের মধ্যে গণতন্ত্র অবশ্যই জরুরি। তবে এখন সবচেয়ে বেশি জরুরি একটি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন। কেননা, এখন দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই। এতে চরমপন্থী ও মৌলবাদ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুলিশ আর প্রশাসনের ওপর নির্ভর করে সরকার চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি কার সঙ্গে জোট করবে, সেটা তাদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এখানে অন্য দলের বলার কিছু নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, নির্বাচনের ত্রুটিগুলো দূর করতে হবে। রাজনীতিবিদদের ভাষা সুন্দর করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের কিছু কিছু জায়গা যেমন খুলনা ও সাতক্ষীরায় চরমপন্থীরা সক্রিয়। যদিও এটা সারা দেশে নয়, তার পরও এটি বড় সমস্যা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, গণতন্ত্র কেবল বাংলাদেশের সমস্যা নয়, তৃতীয় বিশ্বের দেশগুলোতেও এই সমস্যা বিদ্যমান। বাংলাদেশে রাজনীতি ও গণতান্ত্রিক শাসন একভাবে চলছে। কিন্তু এখানে অর্থনীতি ও সামাজিক উন্নয়নও অব্যাহত আছে। তিনি বলেন, এ দেশে একটি মধ্যবিত্ত সমাজ আছে। এর সংখ্যাও বাড়ছে। তবে তাদের দ্বৈত চরিত্রের কারণে আগের মতো সমাজের এই অংশটি ভূমিকা রাখতে পারছে না। তিনি মনে করেন, অর্থনৈতিক উন্নয়ন হলেও গণতন্ত্রের ক্ষেত্রে বাংলাদেশ উল্টোপথে যাত্রা করছে।
বিনায়ক সেন বলেন, এই মুহূর্তে দলগুলোকে তিনটি কাজ করতে হবে। এক. আওয়ামী লীগকে সংলাপের উদ্যোগ নিতে হবে। দুই. বিএনপিকে জামায়াতে ইসলামীকে ছেড়ে দিতে হবে এবং তিন. জামায়াতকে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করতে হবে। রাজনৈতিক পরিবেশের উন্নয়নে এগুলো জরুরি।
অনুষ্ঠানের সভাপতি বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান বলেন, দেশে রাজনীতির বিবর্তন প্রত্যাশা অনুযায়ী হয়নি। অর্থনীতি এগোচ্ছে, কিন্তু রাজনীতি সেই তালে এগোচ্ছে না। এতে ভারসাম্য নষ্ট হয়। সংসদে যা হচ্ছে তাতে হতাশ হতে হচ্ছে।
গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিতর্ক: বিনায়ক সেন বলেন, গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাল মেলাতে পারছে না। গণতন্ত্র না এগোলেও অর্থনীতি এগোচ্ছে। তাঁর এই বক্তব্যকে সমর্থন করেন আওয়ামী লীগের দুই নেতা।
তবে মুক্ত আলোচনার সময় অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, অর্থনীতির অগ্রগতির সূচক আসলে কী? অন্যদিকে অধ্যাপক আসিফ নজরুল বলেন, গণতন্ত্র না থাকলে উন্নয়নের গতি ধীর হয়।
এই দুজনের বক্তব্যের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সুশাসনের অভাব থাকলে উন্নয়ন হয় না। বরং দেশে সুশাসন আছে বলেই উন্নয়ন হচ্ছে।
সুরঞ্জিতের বক্তব্যের প্রতিক্রিয়ায় আমীর খসরু মাহমুদ বলেন, সুশাসন না থাকায় ব্যাংক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে লুটপাট হচ্ছে। শেয়ারবাজার ধসে পড়েছে। কোনো বিনিয়োগ হচ্ছে না। ফলে জনগণ টাকা বিদেশে পাচার করছে। সুশাসন থাকলে এগুলো হতো না।