রাজনীতি সুস্থ না হলে গণমাধ্যমের স্বাধীনতা কখনোই নিশ্চিত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি সংলাপে বক্তারা বলেছেন, রাজনীতি যত দিন সুস্থ না হবে, তত দিন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না। আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠা করা গেলে রাজনীতিতে অবশ্যই সুস্থধারা ফিরে আসবে। সে ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে এবং মানুষের কল্যাণও অনেক সহজে করা যাবে।গতকাল বুধবার বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপের বিষয় ছিল ‘গণমাধ্যম’। এতে আলোচক ছিলেন ইংরেজি দৈনিক নিউ এজ-এর প্রকাশক শহীদুল্লাহ খান, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, গণমাধ্যম বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর এবং অভিনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ত্রপা মজুমদার। সংলাপে দর্শকসারিতে উপস্থিত অনেকে আলোচকদের কাছে নানা প্রশ্ন করেন।বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়। এ বিষয়টি সংবাদকর্মীদের মনে রাখতে হবে। গণতন্ত্র ও গণমাধ্যমকে একসঙ্গে এগোতে হবে। কোনো একটি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হলে অন্যটিও তাল ঠিক রাখতে ব্যর্থ হবে। বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সুখের কথা হলো, বাংলাদেশে গণমাধ্যমের প্রধান প্রধান প্রতিষ্ঠান হলুদ সাংবাদিকতার সঙ্গে যুক্ত—এমন অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে তাঁরা উদ্বেগের সঙ্গে বলেন, সম্প্রতি কিছু করপোরেট হাউস পত্রিকা বের করছে, যেখানে মালিকের স্বার্থই প্রাধান্য পাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকতে হবে।এক প্রশ্নের উত্তরে মুহাম্মদ জাহাঙ্গীর সংলাপে বলেন, মালিকের স্বার্থ পত্রিকা রক্ষার চেষ্টা করে এটা যেমন ঠিক, তেমনি প্রতিনিয়ত এভাবে চলতে থাকলে কোনো অবস্থায় ওই পত্রিকা গণমানুষের সমর্থন পাবে না। আরেক প্রশ্নের জবাবে শহীদুল্লাহ খান বলেন, দেশের স্বার্থের ঊর্ধ্বে কিছু হতে পারে না। তাই যে সংবাদ পরিবেশন দেশের স্বার্থ পরিপন্থী হবে, তা প্রচার না করাই ভালো। হাবিবুর রহমান নামের এক দর্শকের প্রশ্নের জবাবে শাইখ সিরাজ বলেন, রাষ্ট্রব্যবস্থা স্থিতিশীল না হাওয়া পর্যন্ত সংবাদকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা থাকবেই। তাই ঝুঁকির মধ্যেই সঠিক সংবাদ পরিবেশনে সংবাদকর্মীদের আরও যত্নশীল হতে হবে। বক্তারা সংবাদপত্র, বেতার ও টিভি চ্যানেলের জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন। তাঁরা বলেন, বিজ্ঞাপন নীতিমালা থাকাও জরুরি। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, সংবাদ পরিবেশনের চেয়ে বিজ্ঞাপনই প্রচার হচ্ছে বেশি। এ ক্ষেত্রে পাঠক ও দর্শক বঞ্চিত হচ্ছে। পাশাপাশি মিডিয়া ট্রায়ালের ক্ষেত্রে সংবাদকর্মীদের আরও যত্নবান হওয়ার ওপর জোর দেন সংলাপে অংশগ্রহণকারীরা। আলোচকেরা বলেন, গণমাধ্যমকে টিকে থাকতে হলে মানুষের কথা বলতেই হবে। এর বিকল্প নেই।অনুষ্ঠানের আলোচকেরা বলেন, গণমাধ্যম মানুষের কথা বলে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। তবে এ ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, আছে দক্ষতার অভাব; যা থেকে উত্তরণ জরুরি। তাঁরা বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও গণমাধ্যম এখন অনেক উত্কর্ষ লাভ করেছে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মিথিলা ফারজানা।