রাজনীতিক ও জনপ্রতিনিধিরা পেয়েছেন কৃষি প্রণোদনা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আউশের প্রণোদনার জন্য সরকারি বরাদ্দ তছরুপের অভিযোগ উঠেছে। একশ্রেণির জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও বিএনপির নেতা, উপসহকারী কৃষি কর্মকর্তার স্বজনেরা এককাট্টা হয়ে ভর্তুকির কৃষি উপকরণ নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা কৃষি কমিটির দেওয়া তালিকা অনুযায়ী প্রণোদনা সহায়তা বিতরণ করেছি। কেউ যদি এখন ধান চাষ না করে তবে সে বিষয়টি দেখা হবে।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, কৃষকপ্রতি এক বিঘা জমির জন্য আউশ চাষের উপকরণ বাবদ বীজ পাঁচ কেজি, ইউরিয়া ২০ কেজি, ড্যাপ ১০ কেজি, এমওপি ১০ কেজি ও সেচ খরচের জন্য ৩০০ টাকা প্রণোদনা পান। চলতি বছরের ৯ এপ্রিল উপজেলার ছয়টি ইউনিয়নের ১৬০ জন কৃষককে আউশ ধান চাষে উদ্বুদ্ধ করতে এ প্রণোদনা দেওয়া হয়। বীজতলা তৈরি করে এখন বোরো কাটার পর পরই ধানের চারা রোপণ করার কথা।
প্রণোদনা বিতরণের তালিকায় দেখা যায়, মোকামতলা ইউনিয়নের ৩১ জন কৃষকের নাম রয়েছে৷ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা চৌধুরী, তাঁর ভাই জাকির চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকনউদ দৌলা, উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিমের আত্মীয় (ছেলের শ্বশুর) সেকেন্দার আলী এবং মোকামতলা ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য এই তালিকার মধ্যে রয়েছেন৷ এসব সদস্য কেউ নিজ নামে কেউ কাছের আত্মীয়ের নামে প্রণোদনা নিয়েছেন। এদের মধ্যে আবার নারী সদস্য ফাহিমা আকতার নিজ নামের বাইরে তাঁর স্বামী নুরুল ইসলামের নামেও প্রণোদনা নিয়েছেন। এ ছাড়া তালিকায় ইউপি চেয়ারম্যান মারুফ রায়হানের নিজ গ্রামের ১৪ জনের নাম রয়েছে।
অভিযোগ রয়েছে, এঁরা কেউই সরকারের কাছ থেকে প্রণোদনা নিয়ে আউশ আবাদ করছেন না। একইভাবে উপজেলার অন্য পাঁচ ইউনিয়নেও আউশ চাষে কৃষকদের সরকারি প্রণোদনার নামে টাকা তছরুপ হয়েছে৷
মোকামতলা ইউপি চেয়ারম্যান মারুফ রায়হান বলেন, ‘আমি পরিষদের সদস্যেদের একজন করে নাম দিতে বলেছি। আর আমি সাত-আট জন কৃষকের নাম দিয়েছি। আওয়ামী লীগ, বিএনপি নেতার নাম উপসহকারী কৃষি কর্মকর্তারা দিয়ে থাকতে পারেন।’ ইউপি সদস্য ফাইমা আকতার বলেন, ‘আমি এবং আমার স্বামী দুজনই কৃষক। তাই দুজনের নামই তালিকায় দিয়েছি।’
আওয়ামী লীগ নেতা ওয়াসিম রেজা চৌধুরী বলেন, ‘আমরা দুই ভাই কৃষক। তাই আমরা ইউনিয়ন কমিটির কাছে আবেদন করায় কৃষক হিসেবে আমাদের প্রণোদনা দেওয়া হয়েছে।’ বিএনপি নেতা রোকনউদ দৌলা বলেন, ‘আমার জমি আছে। আমি তো ধান চাষ করি। প্রণোদনা পেতে কোনো সমস্যা তো নেই।’ উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘সেকেন্দার আলী আমার আত্মীয় হলেও তিনি প্রকৃত কৃষক। এ কারণে তিনি প্রণোদনা পেয়েছেন।’