রাজনীতিক ও সুশীল সমাজের মধ্যকার আস্থার সম্পর্কটি এখন বেশি ভঙ্গুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় রাজনীতিক ও সুশীল সমাজের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর জন্য একটি নীতি-সংলাপ জরুরি হয়ে পড়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের অধ্যাপক সিরাজুল ইসলাম হলে এই বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বাংলাদেশে সুশীল সমাজের বিবর্তন ও কতিপয় বিতর্ক’ শিরোনামের ওই বক্তৃতায় দেবপ্রিয় বলেন, দেশের সুশীল সমাজ এখন এক বিশেষ পরিস্থিতির মুখোমুখি। স্বাধীনতাপূর্ব সময় থেকে শুরু করে যে দীর্ঘ সময় দেশে গণতন্ত্র ছিল না, তখন রাজনীতিক ও সুশীল সমাজের ভূমিকা ছিল পরস্পরের পরিপূরক। গণতন্ত্র কায়েম হওয়ার পর থেকেই তা হয়ে উঠেছে প্রতিযোগিতামূলক ও বিদ্বেষপূর্ণ। রাজনৈতিক সমাজ ও সুশীল সমাজের মধ্যকার পারস্পরিক আস্থার সম্পর্কটি এই মুহূর্তে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ভঙ্গুর। এই পরিস্থিতি জাতীয় অগ্রগতির ধারা ধাবমান রাখার সহায়ক নয়।
দেবপ্রিয় বলেন, ‘তাই গণতন্ত্র ও উন্নয়নের যৌথ লক্ষ্যে রাজনৈতিক সমাজ ও সুশীল সমাজের মধ্যে উদার ও অংশগ্রহণমূলক রাষ্ট্রীয় মনোভঙ্গির বাতাবরণে একটি আস্থা প্রবর্ধক নীতি-সংলাপ দেশে আজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’
ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই একক বক্তৃতায় দেবপ্রিয় ভট্টাচার্য সরকার ও রাজনীতিকদের উদ্দেশ করে বলেন, শাসকগোষ্ঠীর সঙ্গে মতপার্থক্য হলেই সুশীল সমাজের নেতাদের প্রতিনিধিত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বলা হয়, ‘যোগ্যতা থাকলে নির্বাচন করে আসুন।’ মনে হয় যেন দেশ নিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করতে হলে সবাইকে নির্বাচনে দাঁড়াতে হবে। প্রাগ্রসর সমাজে বৈধতার উৎস সম্পর্কে সীমিত ধারণা থেকে এই বিভ্রান্তির উদ্ভব। বর্তমান বিশ্বে নির্বাচনী বৈধতাই রাষ্ট্রীয় জীবনে বৈধতার একমাত্র রূপ নয়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সমাজে সব প্রতিনিধিত্বশীলতাই আংশিক। এ রকম আংশিক প্রতিনিধিত্বশীলতা নিয়ে সমাজে বিরাজ করেন শিক্ষক, চিকিৎসক, কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা, গ্রামীণ সমাজপতি, ধর্মগুরু প্রমুখ। গণমাধ্যমের ক্ষেত্রে একজন সম্পাদকের লেখার বৈধতা আসে প্রতিটি পাঠকের কাছ থেকে, যাঁরা প্রতিদিন পত্রিকা কেনেন। যতক্ষণ পর্যন্ত একজন দর্শক অন্য চ্যানেলে চলে না যাচ্ছেন ততক্ষণ তিনি একটি টক শোকে বৈধতা দিচ্ছেন, এমনকি ওই টক শোর বক্তব্যের সঙ্গে একমত না হয়েও।
বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, শেষ বিচারে সুশীল সমাজের বৈধতা ও প্রতিনিধিত্বশীলতা নিরূপিত হয় তার নৈতিক শক্তি দিয়ে। তাই লক্ষ করা যায়, সুশীল সমাজের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নৈতিক অবস্থান দুর্বল করার জন্য অনেক সময় জনসমক্ষে চরিত্র হননের চেষ্টা করা হয়।
পাশাপাশি সুশীল সমাজ ও এর অন্তর্ভুক্ত সংগঠন বা প্রতিষ্ঠানগুলোর প্রধান কয়েকটি দুর্বলতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন বিশিষ্ট এই গবেষক। তিনি বলেন, সুশীল সমাজের সামনে মূল চ্যালেঞ্জ হচ্ছে রাষ্ট্রের কর্তৃত্ববাদী মনোভাবের পরিপ্রেক্ষিতে স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান সংহত করা। চলমান রাজনীতি সমাজকে গভীরভাবে দ্বিখণ্ডিত করায় সুশীল সমাজের পক্ষে বিশ্বাসযোগ্যভাবে নিরপেক্ষতা রক্ষা করা কঠিন হয়ে উঠেছে। পেশাদারত্বের সঙ্গে কাজ করা দুরূহ হয়ে পড়েছে। সুশীল সমাজের ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই সমাজের উচ্চবর্গের মানুষ। তাই নিরপেক্ষতা রক্ষার জন্য তাঁরা ঝুঁকি নিতে আগ্রহী হন কম।
দেবপ্রিয় বলেন, সুশীল সমাজের সংগঠনগুলোর একটি বড় অংশে আর্থিক ব্যবস্থাপনায় যথেষ্ট ত্রুটি রয়েছে। অনেক ক্ষেত্রে নিয়ম-নীতি ভঙ্গের ঘটনা ঘটে ও দুর্নীতির অভিযোগ ওঠে। এ ক্ষেত্রে স্বপ্রণোদিতভাবে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো অত্যন্ত জরুরি। এ ছাড়া সুশীল সমাজের অনেক প্রতিষ্ঠানে দীর্ঘকাল ধরে নেতৃত্বের পরিবর্তন লক্ষ করা যায় না। নেতৃত্বের হস্তান্তরও হয় না। ফলে প্রতিষ্ঠানিকীকরণ প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। প্রতিষ্ঠানের টেকসই হওয়ার সম্ভাবনা দুর্বল হয়ে পড়ে।
রাজনীতিক ও সুশীল সমাজের মধ্যকার ঐতিহাসিক পরিপূরক ও আস্থার সম্পর্ক এবং ভূমিকার বিস্তারিত উল্লেখ করে দেবপ্রিয় বলেন, সেই সম্পর্কটি এই মুহূর্তে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ভঙ্গুর। সম্প্রতি ঘোষিত সম্প্রচার নীতিমালা সেই আস্থার ভিতকে আরও একটু দুর্বল করেছে। এই ধারা দেশের অগ্রগতির সহায়ক নয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেবপ্রিয় ভট্টাচার্য তাঁর বক্তৃতায় যে বিতর্কের কথা বলেছেন তা নিয়ে কারোই বোধ হয় কোনো বিতর্ক নেই। রাজনীতিক ও সুশীল সমাজের নৈতিকতার ভিত শক্ত হলে অনেক বিতর্কেরই অবসান হতে পারে। অনেক সমস্যার সমাধানই সহজতর হতে পারে।
বিশেষ অতিথির বক্তৃতায় কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বলেন, একটি নীতিনিষ্ঠ সুশীল সমাজ দেশের মেরুদণ্ড।
ইতিহাস বিভাগের শিক্ষক আকসাদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর দেবপ্রিয় ভট্টাচার্যের পরিচয় তুলে ধরেন আরেক শিক্ষক ইফতেখার ইকবাল। অনুষ্ঠানে ইতিহাস বিভাগ ছাড়াও অন্য অনেক বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং শহীদ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
ইতিহাস বিভাগের এই বার্ষিক আয়োজনে এর আগে যাঁরা একক বক্তৃতা দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সালাহ্উদ্দিন আহমেদ, এর আর মল্লিক, আকবর আলি খান প্রমুখ।