রাজনীতিক, জনপ্রতিনিধি পুলিশ কেউ পার পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ও জঙ্গিমুক্ত ঝিকরগাছা প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল রোববার যশোরের ঝিকরগাছা উপজেলায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে জেলার পুলিশ সুপার বলেছেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, পুলিশ কেউই রেহাই পাবে না।
সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এ গণমিছিল বের হয়। এতে পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যদের পাশাপাশি রাজনীতিক, সমাজকর্মী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন যশোর জেলার পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি বলেন, ‘ইতিমধ্যে জেলার সব মাদকসেবী, মাদক বিক্রেতা ও মাদক কারবারির সহায়তাকারী এবং আড়ালে থেকে যাঁরা মাদক ব্যবসার পৃষ্ঠপোষকতা করেন, তাঁদের তালিকা পুলিশের কাছে এসেছে। যাচাই-বাছাই শেষে তা জেলার সব থানা ও প্রেসক্লাবে টাঙিয়ে দেওয়া হবে। মাদকের সঙ্গে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, পুলিশ, যে-ই সংশ্লিষ্ট হোক না কেন, কেউ রেহাই পাবে না।’
সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি চৌধুরী রমজান শরীফ, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওলিয়ার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুর রহমান, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মোহাম্মাদ আবদুল্লাহ প্রমুখ।
যশোরকে মাদক ও জঙ্গিমুক্ত করার জেলা পুলিশের ১০ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কর্মসূচি চলছে। ৬ ফেব্রুয়ারি যশোর প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে গণমিছিল ও সমাবেশ হচ্ছে।