রাজনীতিকদের অশ্রদ্ধামূলক মন্তব্য সমাজকে বিভ্রান্ত ও বিভক্ত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোকাবিলার মাধ্যমে কোনো সমস্যার সঠিকভাবে সমাধান হয় না। আমাদের রাজনৈতিক নেতারা প্রকাশ্যে পরস্পর সম্পর্কে যে অশ্রদ্ধামূলক মন্তব্য করেন, সেগুলো সমাজকে বিভ্রান্ত ও বিভক্ত করে এবং তা রাজনৈতিক সমস্যাবলির সমাধানে অন্তরায়স্বরূপ হয়ে দাঁড়ায়।’ কথাগুলো বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও পদার্থবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে জাতীয় ইতিহাস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক বক্তৃতায় তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইতিহাস পরিষদ।রাজনৈতিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন উল্লেখ করে জামাল নজরুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা অথবা অলিখিত এবং অনানুষ্ঠানিক নীতিমালা প্রণয়ন করা যেতে পারে। উদাহরণস্বরূপ পরবর্তী নির্বাচনে যে দলই বিজয়ী হোক না কেন, আগেই এমন একটি সমঝোতা করা যায়। ওই সমঝোতায় সরকার বিরোধী দল ও অন্য দলগুলোর কাছ থেকে কী ধরনের আচরণ অথবা সহযোগিতা চায়, সেটা ব্যাখ্যা করবে এবং বিরোধী দলগুলো সরকারের কাছ থেকে কী ধরনের প্রশাসনপদ্ধতি ও সংসদ পরিচালনায় কেমন নীতি প্রত্যাশা করে সেটা ব্যক্ত করবে।’ছাত্রছাত্রীদের রাজনীতি থেকে কয়েক বছরের জন্য সম্পূর্ণ দূরে থাকা প্রয়োজন মন্তব্য করে এই ইমেরিটাস অধ্যাপক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হলে ছাত্রসংগঠনগুলোর প্রভাব বিস্তার করার প্রবণতা শিক্ষা (একাডেমিক) পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং শিক্ষার উদ্দেশের সম্পূর্ণ পরিপন্থী। তিনি বলেন, ‘গত কয়েক দশকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪০০ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একটি ঘটনারও বিচার হয়নি, দোষী কারও শাস্তি হয়নি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।’ অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যোদ্ধারের বিভিন্ন পথ থাকতে পারে। কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ (কনফ্রন্টেশন) কেন থাকবে। তাদের মধ্যে থাকবে পারস্পরিক সমঝোতা। এর মধ্য দিয়েই গণতন্ত্র বিকশিত হবে, দেশেরও উন্নতি হবে। তিনি বলেন, ইতিহাসকে বিকৃত করলে কিংবা মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করা হলে সেটা আর ইতিহাস থাকে না। বিভিন্ন জনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। কিন্তু ইতিহাস হবে অভিন্ন।ইতিহাস পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ বলেন, ইতিহাস হচ্ছে জীবনের নির্দেশিকা। তাই জাতীয় জীবনের সংকট থেকে উত্তরণের জন্য ইতিহাসচর্চা ও অধ্যয়ন বিশেষভাবে প্রয়োজন।অনুষ্ঠানে ইতিহাসবিষয়ক রচনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুহম্মদ ইনাম-উল-হক এবং মুহাম্মদ সেলিমকে ইতিহাস পরিষদ পদক দেওয়া হয়। আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন শতাধিক ইতিহাসবিদ অংশ নিচ্ছেন। ভারতের ১৫ জন ইতিহাসবিদও সম্মেলনে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক হাবিবা খাতুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বক্তব্য দেন।