রাজনীতিকদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অতিথিদের জন্য সংরক্ষিত বিভিন্ন টেবিলে যান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
এ ছাড়া অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, সিপিবি, ন্যাপ, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, গণআজাদী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা ইফতারে শরিক হন।