রাজনীতিকদের দায়ী করলেন সেতুমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের রাজনীতিতে টেনে আনার জন্য রাজনীতিবিদদের দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল সোমবার নগরের পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম চেম্বার মাসব্যাপী এ বাণিজ্য মেলা আয়োজন করে। মেলায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ায় রাজনীতিকদের ওপর মানুষের আস্থা অনেক জায়গায় নষ্ট হয়ে যায় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কোনো দলের পক্ষ হিসেবে বলছি না। কারও পক্ষে ভোট চাইতেও আসিনি। আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না।’
সেতুমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের মূল সংকট হলো জলাবদ্ধতা। প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রামের মানুষকে বারবার আর জলাবদ্ধতায় ডোবাবেন না। এবারের নির্বাচনের মাধ্যমে চট্টগ্রামবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাক। এর আগে নয়টি সিটি করপোরেশন নির্বাচনে সাতটিতে বিএনপি জিতেছিল। সরকার হস্তক্ষেপ করেনি। আমরাও মেনে নিয়েছি। আগামী তিনটি সিটি করপোরেশন নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না। জনগণ যাকে খুশি, তাঁকে ভোট দেবে, তিনি মেয়র হবেন। এ তিনটি নির্বাচনেও জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।’
মেলায় বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, শিল্প ও বণিক সমিতির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ প্রমুখ।