রাজনীতিকদের প্রতি আইনে শ্রদ্ধা ফেরানোর আহ্বান
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, ‘সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে। আবার মানসিকতার পরিবর্তনের কথাও বলা হচ্ছে। বাস্তব অবস্থার পরিবর্তন না হলে মানসিকতার পরিবর্তন হয় না। এ ক্ষেত্রে রাজনীতিবিদদেরই এগিয়ে আসতে হবে।’ গতকাল শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিকল্প বিরোধ নিষ্পত্তিবিষয়ক এক সেমিনারে মিজানুর রহমান একথা বলেন। তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাবোধের যে অভাব লক্ষ্য করা যাচ্ছে, তা ফিরিয়ে আনতে হবে রাজনীতিবিদদের। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস), মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য লয়োলা ল-স্কুল সেন্টার ফর কনফ্লিক্ট রেজুলেশন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এই সেমিনারের আয়োজন করে।নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরে অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘গত রাতে আমার কাছে একজন অভিযোগ করেন, একজন অতিরিক্ত জেলা জজ সার্কিট হাউসে থাকেন। কিন্তু কক্ষের ৪০ টাকা ভাড়া তিনি পরিশোধ করতে চান না। কক্ষে হিটারও ব্যবহার করে থাকেন। এই যদি অবস্থা হয়, তাহলে কে কার মানসিকতায় পরিবর্তন আনবে।’ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তাঁর বক্তৃতায় কমিশন চেয়ারম্যানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘আপনি এক পক্ষের বক্তব্য শুনে মন্তব্য করছেন। এটাও জানা উচিত, সরকার জুডিশিয়ারির জন্য কী পরিমাণ বাজেট দিচ্ছে। বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে শতকরা দশমিক ৪১ ভাগ। কিন্তু গবেষণায় উঠে এসেছে বিচার বিভাগ থেকে সরকার পেয়েছে ৮ দশমিক ২৪ ভাগ।’ সেইলেসের পরিচালনা পরিষদ ও ব্লাস্ট্রের ট্রাস্টি বোর্ডের সদস্য শামসুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান জেড আই খান পান্না, বিচার প্রশাসন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মফিজুল ইসলাম, গাজীপুর জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল, ব্লাস্টের সম্মানিত পরিচালক সারা হোসেন, আইন কমিশনের ভারপ্রাপ্ত সচিব শারমিন নিগার, ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ মো. আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।