
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ অনিবার্য। কিন্তু কিছু রাজনীতিকের মুখের বিষে প্রতিনিয়ত সংলাপের পরিবেশ নষ্ট হচ্ছে। সদিচ্ছা ও আন্তরিকতার অভাব থাকলে লোক দেখানো সংলাপ করে লাভ নেই।
আজ সোমবার সকালে ফেনী সরকারি কলেজে প্রথমবারের মতো চারটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল। তিনি বলেন, ভালো লোকেরা দিন দিন রাজনীতি থেকে সরে যাচ্ছেন এবং খারাপ লোকেরা রাজনীতির মঞ্চ দখল করছেন। এটি অশুভ লক্ষণ। এ সময় মেধাবী ছাত্রদের রাজনীতিতে যেতে নিরুত্সাহিত না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী বলেন, ‘মেরুদণ্ড সোজা রাখুন, প্রকাশ্য রাজনীতি থেকে দূরে থাকুন। শিক্ষকতা করুন, দলবাজি করবেন না। শিক্ষক রাজনীতির বিষময় পরিবেশে আজ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংসের দ্বারপ্রান্তে। এ কারণে দেশে একটির পর একটি বিশ্ববিদ্যালয় অচল হওয়ার পথে। এতে শিক্ষার বারোটা বাজছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, আমরা সেটাই আশা করি। আমরা আগেও বলেছি ওয়ান সাইডেড নির্বাচন করতে চাই না। নিবন্ধিত সব দলকে নিয়ে আমরা নির্বাচনে যেতে চাই।’ তিনি আরও বলেন, দেশে অতীতের সংলাপের রেকর্ড ভালো নয়। সংলাপের জন্য মনটা পরিষ্কার থাকতে হবে। শর্ত দিয়ে কখনো সংলাপ হয় না।
কলেজের অধ্যক্ষ উত্পল কান্তি বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যাপক মিজানুর রহমান।
১৯২২ সালে ফেনী কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর ৯১তম বছরে চারটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন পেল। এ কলেজে বর্তমানে ১৪টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে।