রাজনীতিকদের শিল্প-সংস্কৃতির পরিমণ্ডলে বিচরণের বিকল্প নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংস্কৃতিকর্মীদের সঙ্গে রাজনৈতিক কর্মীদের মেলবন্ধন না হলে রাজনীতি বন্ধ্যা হয়ে পড়বে। উন্নয়নকে সৃষ্টিশীলতা ও মননশীলতার ধারায় বিকশিত করতে রাজনীতিকদের শিল্প-সংস্কৃতির পরিমণ্ডলে বিচরণের বিকল্প নেই।
আজ মঙ্গলবার রাজধানীর দি ডেইলি স্টার মিলনায়তনে নতুন প্রজন্মের সংগীত শিল্পী সোনিয়া সুলতানা লিজা’র ‘পাগলী সুরাইয়া’ শীর্ষক একক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা কখনোই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পক্ষ নিতে পারে না। আর যদি কেউ নেয়, তবে তা সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করতেই নেয়। জঙ্গি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে সব শিল্পী ও সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়েছে, ‘লিজা পার্ট ওয়ান’ এর পর ‘পাগলী সুরাইয়া’ শিল্পী লিজার দ্বিতীয় একক অ্যালবাম। ডেডলাইন মিউজিক এটি প্রকাশ করেছে।