রাজনীতিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাজনীতিকদের সঙ্গে ইফতার করেছেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে তিনি ইফতার পার্টির আয়োজন করেন।বিএনপি চেয়ারপারসনের আমন্ত্রণে ইফতার পার্টিতে চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস ও সমমনা কয়েকটি দলের নেতারা যোগ দেন। মহাজোট সরকারের শরিক দলগুলোর মধ্যে শুধু জাতীয় পার্টির নেতারা এতে অংশ নেন। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারে আমন্ত্রণ জানানো হলেও তিনি বা তাঁর দলের কেউ এতে যোগ দেননি। সন্ধ্যা ছয়টার দিকে খালেদা জিয়া সম্মেলন কেন্দ্রে আসেন এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, আবদুর রাজ্জাক, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ ও সাংসদ সালমা ইসলাম, জাসদের আ স ম আবদুর রব, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী প্রমুখ। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের স্থায়ী কমিটির সদস্য, দলীয় সাংসদ ও কেন্দ্রীয় নেতারা ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।