রাজনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার
রাজনীতিকদের সম্মানে গতকাল বুধবার ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই ইফতারের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা ও দলটির নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর নেতারা অংশ নেন। ইফতারে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তিনি বা তাঁর কোনো প্রতিনিধি এতে অংশ নেননি।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আর এ গণি, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস এবং এলডিপির সভাপতি অলি আহমেদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯-দলীয় জোটের বাইরে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির আ স ম আবদুর রব এবং কৃষক শ্রমিক জনতা লীগ ও বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।