রাজনীতিকদের 'মাংসাশী' প্রাণীর সঙ্গে তুলনা করলেন সাকা চৌধুরী

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আজ বৃহস্পতিবার আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে চতুর্থ দিনের মতো জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিকালে তিনি রাজনীতিকদের ‘মাংসাশী প্রাণী’র সঙ্গে তুলনা করেন।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাকা চৌধুরী জবানবন্দিতে বলেন, প্রতিটি পেশাজীবী গোষ্ঠীর স্বার্থ রক্ষা ও উন্নতির জন্য সমিতি আছে। আইনজীবী, প্রকৌশলী এমনকি সরকারি কর্মকর্তাদের স্বার্থ রক্ষার জন্য সমিতি আছে। দুর্ভাগা রাজনীতিকেরা একমাত্র গোষ্ঠী, যাঁদের স্বার্থ রক্ষার কোনো সমিতি নেই। বরং রাজনীতিকেরা ‘মাংসাশী’ প্রাণীর মতো স্বজাতিদের গিলতে উন্মুখ হয়ে থাকে।
সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে সাকা চৌধুরী দাবি করেন, তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হয়েছেন। এ সময় রাষ্ট্রপক্ষ আপত্তি দিলে আপত্তিসহ এ বক্তব্য সংরক্ষণ করা হয়। পরে তিনি বলেন, পাকিস্তানের ২৩ বছরে কোনো রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিকে হেফাজতে রেখে শারীরিকভাবে নির্যাতন করার একটি উদাহরণ আছে কি না, তা তিনি মনে করতে পারছেন না। কারাগারে আটক থাকা অবস্থায় দুর্ব্যবহার বা কোনো ধরনের শারীরিক নির্যাতনের অভিযোগ বঙ্গবন্ধু করেছেন, এমনটা তিনি শোনেননি। ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের সময় পোশাকধারী স্বৈরাচারীরা তাঁকে গ্রেপ্তার করলে তিনি প্রথমবারের মতো দুর্ব্যবহারের অভিজ্ঞতা পান। তাঁকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল, তাঁর পাশের কক্ষে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং আ হ ম মোস্তফা কামাল।
আজও রাষ্ট্রপক্ষ সাকা চৌধুরীর এই দীর্ঘ অপ্রাসঙ্গিক জবানবন্দির বিরোধিতা করে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ ট্রাইব্যুনালকে বলেন, মনে হয় না জবানবন্দির একটি শব্দও আসামিপক্ষের কাজে আসবে। ট্রাইব্যুনাল সাকা চৌধুরীকে কয়েকবার বক্তব্য সংক্ষিপ্ত করতে বলেন।
জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়।