রাজনীতিকরণের জন্যই গ্রামীণ ব্যাংক বিধিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংককে রাজনীতিকরণের জন্যই সরকার ব্যাংকটির নির্বাচন নিয়ে বিধিমালাটি তৈরি করেছে। এর ফলে এ ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হবে, লঙ্ঘিত হবে সাধারণ সদস্যদের অধিকার।
আবার রাষ্ট্রায়ত্ত একাধিক ব্যাংকে একের পর এক জালিয়াতি হওয়ার পরও সরকার সেসব জালিয়াতি ঠেকাতে কোনো বিধিমালা করছে না। কিন্তু বিধিমালা তৈরি করেছে ভালোভাবে পরিচালিত গ্রামীণ ব্যাংকের জন্য। আর এর মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংকে গচ্ছিত সাধারণ মানুষদের টাকা আত্মসাতের একটি আইনি ভিতও করে নিয়েছে সরকার।
‘রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কবলে গ্রামীণ ব্যাংক: অসহায় ৮৫ লাখ উদ্যোক্তার অনিশ্চিত ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রজন্ম একাডেমি।
অনুষ্ঠানে অতিথি ভাষাসৈনিক রফিকুল ইসলাম গ্রামীণ ব্যাংকের টাকা রক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। সাংবাদিক ও কলামিস্ট সাদেক খান বলেন, গ্রামীণ ব্যাংকের ৭৫ শতাংশ শেয়ারের মালিক যাঁরা, তাঁরা এখন আর তাঁদের অধিকার ভোগ করতে পারবেন না। এটাকে নিয়ন্ত্রণ করবে সরকার, যারা ২৫ শতাংশ শেয়ারের মালিক। এই বিধিমালা প্রত্যাখ্যান করা দরকার।
আইনজীবী তুহিন মালিক বলেন, আইন দিয়ে কীভাবে গ্রামীণ ব্যাংকে ডাকাতি করা যায় তার জন্যই এই বিধিমালা তৈরি করেছে সরকার।
বাংলাদেশ স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ বলেন, ‘আজকের বাংলাদেশ বিশ্বে ড. ইউনূসের বাংলাদেশ হিসেবে পরিচিত। সে কারণেই আওয়ামী লীগ ও রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি এবং গ্রামীণ ব্যাংক।’ এ সময় আরও বক্তব্য দেন প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী।