রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা গেলেই দেশে দুর্নীতি কমে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা গেলেই দেশে দুর্নীতি কমে আসবে। কারণ দুর্নীতির অন্যতম প্রধান উৎস ক্ষমতা, আর ক্ষমতার উৎস হলো রাজনীতি। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলাপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।গোলাম রহমান বলেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক পটপরিবর্তনের পেছনে দুর্নীতিপরায়ণতার বিষয়টি কাজ করেছে। দুর্নীতি রোধ করতে হলে রাজনীতিবিদদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতি অনেকাংশ কমে যাবে। তিনি আশ্বাস দেন, দুর্নীতির দায়ে অভিযুক্তরা যতই ক্ষমতাধর আর প্রভাবশালী হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে দুদক। মতবিনিময় সভায় দুদকের মহাপরিচালক আবু মোস্তফা কামাল, পরিচালক আবু জাফর তৌফিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এম সামছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলাম জিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের জেলাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।দুদকের চেয়ারম্যান আরও বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের অনেক দুর্নীতিবাজ বর্তমানে ক্ষমতাধর। কিন্তু ক্ষমতার প্রভাবে তাঁরা পার পেয়ে গেছেন কিংবা যাবেন, এটা ঠিক নয়।