নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, আইন ও সংবিধান অনুযায়ী আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন। তবে কোন পদ্ধতিতে (কোন সরকারের অধীন) নির্বাচন হবে, তা ঠিক করবেন রাজনৈতিক নেতারা।
আজ সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয়ের সেবা কেন্দ্র (সার্ভার স্টেশন) উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন জাবেদ। রাজনৈতিক দলগুলো সমঝোতার ভিত্তিতে নির্বাচন পদ্ধতির বিষয়টির নিষ্পত্তি করবে বলেও মত দেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লা¬হ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মো. শাজাহান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. আসাদুজ্জামান কবীর, জেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রহমানসহ রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।