রাজনীতিতে আকস্মিক উত্থানের কোনো সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি অনেক লম্বা ও কঠিন পথ। এখানে আকস্মিক উত্থানের কোনো সুযোগ নেই। তবে প্রচলিত রাজনীতি সময়ের চাহিদা পূরণে বারবার ব্যর্থ হলে জনগণ একসময় বিকল্প ভাবতে বাধ্য হবে। গতকাল শনিবার সকালে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের ৬ নম্বর প্যাকেজের শেষ স্তরের প্রথম বিটুমিনাস (ব্ল্যাক টপ) কাজের উদ্বোধনের পর স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ উদ্বেগ আর আতঙ্কের মধ্যে আছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রতি সংলাপের আহ্বান জানিয়েছেন এবং বিরোধী দলের নেতার ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছেন। সবাইকে মনে রাখতে হবে, উদ্বিগ্ন ও আতঙ্কিত জনগণকে স্বস্তি দিতে সংলাপ এখন সময়ের দাবি। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, ৫ ও ৬ নম্বর প্যাকেজের প্রকল্পের ব্যবস্থাপক জয় প্রসাদ, ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমেঞ্চদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।