গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সমাজ পচে যায়নি। চলমান রাজনীতিতে কিছু রোগ ঢুকেছে। তারা মনে করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়।
গতকাল শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘কমান্ডার আবদুর রউফ’ স্মরণে নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্যে ড. কামাল এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, ‘রাজনীতি যেটা নীতিভিত্তিক হবে সেটাকে মানুষ মূল্যায়ন করবে। অসুস্থ রাজনীতি মানে সুবিধাবাদী রাজনীতি যারা করে তাদের নাম মানুষের তালিকা থেকে বাদ পড়বে।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, সরকার বলছে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়বে। কিন্তু ক্রসফায়ার, খুন-গুম থাকলে এটা সম্ভব না। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সিটি নির্বাচনে শুধু আওয়ামী লীগ-বিএনপির জন্য নয়, সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
নগরিক শোকসভায় আরও বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান প্রমুখ।