শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ২০০৭ সালের আগস্ট মাসে শিক্ষক-শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় গঠিত সংসদীয় তদন্ত কমিটি রাজনৈতিক কর্মকাণ্ডে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের হস্তক্ষেপ বন্ধের সুপারিশ করবে। একই সঙ্গে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা, নির্যাতিতদের ক্ষতিপূরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করবে কমিটি।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ—ডাকসু ভবনে আগস্টের আন্দোলন নিয়ে ছাত্রমৈত্রী আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।সংসদীয় ওই তদন্ত কমিটির প্রধান রাশেদ খান মেনন আরও বলেন, এ ধরনের ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠন এবং কমিটিতে সামরিক কর্মকর্তাদের হাজির করানোর দৃষ্টান্ত এটাই প্রথম। তিনি বলেন, ‘আমরা যে সুপারিশ করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদিও এগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়। আমরা শুধু সুপারিশ করব, বাস্তবায়নের দায়িত্ব সরকারের।’মেনন বলেন, এ পর্যন্ত তদন্তে যা বের হয়ে এসেছে তা হলো, সে সময় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে স্থায়ী করতে তারা ওই ছাত্রবিক্ষোভকে আঁতুড় ঘরেই শেষ করে দিতে চেয়েছিল। জেনারেল মইনের ভিডিও কনফারেন্সের প্রস্তাবের বিষয়ে মেনন বলেন, ‘ভিডিও কনফারেন্সের বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম। তিনি সম্ভবত ক্যানসারে আক্রান্ত। এ ব্যাপারে ২৩ আগস্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি ও আগস্টে নির্যাতিত শিক্ষক অধ্যাপক সদরুল আমিন অভিযোগ করেন, তাঁকে সংসদীয় কমিটি ডাকেনি। আগস্টের ঘটনা নিয়ে অনেক অনুষ্ঠানেই তাঁকে ডাকা হয় না। এখন সবকিছুই একটি দলের নিয়ন্ত্রণে। তিনি প্রশ্ন রাখেন, এটি কোন ধরনের গণতন্ত্র?শিক্ষক সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি নির্যাতিত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সেই সময় ক্ষমা প্রার্থনা করিনি।’অনুষ্ঠানে আগস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত শিক্ষক মলয় কুমার ভৌমিক বলেন, অনেকে আগস্টের ওই ঘটনা থেকে ব্যক্তিগত ফায়দা লুটেছেন, এটি অসত্য নয়।ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আগস্টের আন্দোলনে নির্যাতনের শিকার মানবেন্দ্র দেব এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।আলোচনায় সভাপতিত্ব করেন ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু। সংগঠনের সাধারণ সম্পাদক তানভির রুসমত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেনাসদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথা-কাটাকাটির জের ধরে দেশজুড়ে ছাত্রবিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জেলা ও বিভাগীয় শহরগুলোতেও কারফিউ জারি করে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার ও গ্রেপ্তার হন শিক্ষক ও শিক্ষার্থীরা।