রাজনীতিতে তাঁরা ভিন্ন দখলদারিতে এককাট্টা!
মকবুল আহমদ ও মোহাম্মদ আলী দীর্ঘদিনের বন্ধু। যদিও তাঁদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। তবে অন্যের জমি জবরদখলের ক্ষেত্রে তাঁরা এককাট্টা। ক্ষমতার দাপট দেখিয়ে তাঁরা বেশ কয়েকজনের জমি দখলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মকবুল আহমদ ও মোহাম্মদ আলী বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা। মকবুল আহমদ পেশায় আইনজীবী ও জাতীয় পার্টির সাবেক নেতা। তাঁর স্ত্রী সেতারা বেগম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা বিএনপির সাবেক সভানেত্রী। মোহাম্মদ আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সরই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।স্থানীয় লোকজনের বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের মে মাসে লুলাইন বাজার এলাকায় ম্রো আদিবাসীদের অনেক জমি দখল করেন মকবুল। লেমুপালং ও লুলাইন মৌজায় ১৪ পরিবারের প্রায় ৬০ একর বন্দোবস্ত পাওয়া জমি দখল করে নিয়েছেন তিনি।এ ছাড়া সাড়ে চার একর জায়গা নিয়ে সরই ইউনিয়নের লাম্বাঘোনার নূর আহমদের সঙ্গে মকবুলের প্রায় এক যুগ ধরে বিরোধ চলছে। আদালত নূর আহমদের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু মকবুল এখন পর্যন্ত দুই একর জমি দখলে রেখেছেন এবং তাঁকে বসতবাড়ি ছেড়ে যাওয়ার জন্য বারবার হুমকি দিচ্ছেন।নূর আহমদ অভিযোগ করেন, গত ১০ ফেব্রুয়ারি মকবুল ও মোহাম্মদ আলীর লোকজন তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। তাঁর মেয়েকে অপহরণের পর তারা ধর্ষণের চেষ্টা চালায়। ওই ঘটনায় তাঁর স্ত্রী ও মেয়ে দুটি মামলা করেন। তাঁর স্ত্রীর মামলায় মকবুল, মোহাম্মদ আলীসহ ১০ আসামির বিরুদ্ধে গত ২৪ মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানার পরও পুলিশ তাঁদের গ্রেপ্তার না করে উল্টো জামিন নিতে সহযোগিতা করে বলে অভিযোগ করেন নূর আহমদ।লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আকবর হোসাইন ওই মেয়ের করা মামলার তদন্ত করে ৩০ এপ্রিল পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে দাপট দেখিয়ে মকবুল আহমদ ও মোহাম্মদ আলী আদিবাসী-বাঙালিদের উচ্ছেদ করে অনেক জমি দখল করেন। মকবুল ও তাঁর স্ত্রীর এক হাজার একর এবং মোহাম্মদ আলীর ৫০০ একর জমি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা এএসপিকে জানিয়েছেন।ধর্ষণচেষ্টার মামলায় সম্প্রতি অভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে এতে মকবুল, মোহাম্মদ আলীসহ আসামিদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে।সরই ইউপি সদস্য আবদুল হালিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নলিনী বড়ুয়া বলেন, মোহাম্মদ আলীর আগে তেমন কিছু ছিল না। এখন তিনি চার-পাঁচ শ একর জমি ও কয়েকটি মৎস্য খামারের মালিক।সরই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, মকবুল আহমদ ও মোহাম্মদ আলী বহু নিরীহ আদিবাসী-বাঙালির জমি জবরদখল করেছেন। হামলা ও মামলার ভয়ে কেউ তাঁদের কিছু বলতে পারছেন না।মকবুল আহমদের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি কারও জমি দখল করার অভিযোগ অস্বীকার করেন। লুলাইন বাজারপাড়ায় ম্রো আদিবাসীদের জমি দখল ও বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি জমি কিনে নিয়েছি জেনে ম্রোরা নিজেরাই অন্যত্র চলে গেছে।’মোহাম্মদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।লামার সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি গতকাল মঙ্গলবার বলেন, ‘মকবুল আহমদের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ শুধু আমার কাছে নয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসকের কার্যালয়েও দাখিল করা হয়েছে। আমার কাছে যে অভিযোগ আছে, তার তদন্ত চলছে।’লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের জামিনলাভে সহায়তার অভিযোগ অস্বীকার করেন।পুলিশ সুপার কামরুল আহসান বলেন, গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে তাঁকে জানানো হয়নি। বিষয়টির খোঁজ নিয়ে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।