সরকার রাজনীতিতে ধর্মের অপব্যবহার বন্ধ করবে। পাশাপাশি সবার ধর্ম পালনের অধিকারও সংরক্ষণ করবে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি এই আলোচনা সভার আয়োজন করে।সুরঞ্জিত বলেন, ‘ধর্মকে আর রাজনৈতিকভাবে অপব্যবহার করতে দেব না। আমরা এর অপব্যবহার বন্ধ করব।’ তিনি বলেন, ‘আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ হচ্ছে। এর পর কমিটি বসে রাজনৈতিক বিবেচনা সাপেক্ষে এর পরিবর্তন-পরিবর্ধন করতে পারবে। সংবিধান পরিবর্তন করার মতো সংখ্যাগরিষ্ঠতা আমাদের আছে। জনগণ আমাদের সে রায় দিয়েছে।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুরঞ্জিত বলেন, ‘তিনি বুঝে-শুনেই সেনাবাহিনীকে রাষ্ট্র ও নির্বাচিত সরকারের মুখোমুখি দাঁড় করানোর ঔদ্ধত্য দেখিয়েছেন। সেনাবাহিনী আলাদা কোনো সরকার নয়, এটি রাষ্ট্রের নির্বাহী বিভাগের অধীনে একটি প্রতিষ্ঠান।’ তিনি বলেন, ‘সালাউদ্দিন কাদের বলেছেন, সেনাবাহিনী বললে তাঁরা বাড়ি ছেড়ে দেবেন। নোটিশ তো সেনাবাহিনীই দিয়েছে। আদালতও তার পক্ষে রায় দিয়েছেন। এখন ছেড়ে দিয়ে নজির স্থাপন করুন।’ তিনি গুলশানের বাড়িটিও ছেড়ে দিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংসদ ইসরাফিল আলম প্রমুখ।